০৮ এপ্রিল, ২০১৫ ০০:১৯
বৃষ্টি বিড়ম্বনায় ভেস্তেই যেতে বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর উদ্বোধনী অনুষ্ঠান। তবে বৃষ্টি থামার পর আশঙ্কা দূর হয়ে রাত ৯টার পর শুরু হল আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বৃষ্টিতে কিছুটা তাল কাটলো বটে, তবে বলিউড তারকাদের লম্ফঝম্ফে শেষ অবধি উদ্বোধনটা ভালোভাবেই হল আইপিএল আটের। যদিও বলা হচ্ছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান আসলে ফ্লপ শো ছাড়া কিছুই নয়।
অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় সঈফ আলি খান বেশ হতাশই করলেন। শাহিদ কাপুরের চলনসই পারফরম্যান্স, ফারহান আখতারের না মনে রাখার মত শোয়ের মাঝে অবশ্য সব আকর্ষণ টেনে নিলেন বিরাট কোহলির প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে স্টেজে আনুশকার নাচ যতক্ষণ চলল, ক্যামেরা একেবারে তাক করে রাখল বিরাট কোহলিকে।যেন নাচের অনুষঙ্গ তিনিও।
আট দলের অধিনায়ক স্টেজে আসার সময় মুম্বই ইন্ডিন্সের রোহিত শর্মা আলো বিভ্রাটের মুখে পড়লেন। তবে শো স্টপার অবশ্যই হৃতিক রোশন। শাহরুখের অনুপস্থিতে তিনিই কিং ম্যান হয়ে থাকলেন। শাহরুখ ঠিক যেমন যেমন করেন হৃতিকও আজ ঠিক তেমন করলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে নবান্নে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন হৃতিক রোশন। হৃতিক জানিয়েছেন, ছবির শুটিংয়ের জন্য খুব শিগগিরই কলকাতায় কিছুদিন থাকতে হবে তাঁকে। চলচ্চিত্র উত্সবে আসার জন্য হৃতিককে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানেও তাঁকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলেন বলিউডের 'ক্রিশ'। গতবার প্রিয়াঙ্কা চোপড়াকে কোলে তুলে নিয়েছিলেন, আর এবার নেতিয়ে যাওয়া অনুষ্ঠানকে প্রাণ দিলেন।
উদ্বোধনে তেমন হিট না হলেও বিশ্বের ক্রিকেটের সবচেয়ে দামি এই ঘোরয়া আসর কতটা সফলভাবে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়।
আপনার মন্তব্য