স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৬ ০০:২৫

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের উপর ভর করে দেপোর্তিভো আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। এ জয়ের মাধ্যমে লা লীগার শীর্ষস্থানও ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

তৃতীয় রাউন্ডে বার্সেলোনাকে হারিয়ে চমক দেখিয়েছিল ১০ বছর পর লা লীগায় ফেরা দেপোর্তিভো আলাভেস, কিন্তু রোনালদোর দুর্দান্ত ফুটবলের কাছে ম্লান ছিল দলটি। রোনালদোর ৩ গোল ছাড়াও রিয়ালের পক্ষে অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

শনিবার (২৯ অক্টোবর) ম্যাচের প্রথম গোলটি করে আলাভেস। ম্যাচের সপ্তম মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। ফরাসি ডিফেন্ডার তেয়ো এর্নান্দেসের নীচু ক্রস গোলরক্ষক কেইলর নাভাস ঝাঁপিয়ে ঠেকাতে ব্যর্থ হলে সহজে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেইভেরসন।

এরপর গোলশোধে মরিয়া রিয়ালের পক্ষে সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো। গ্যারেথ বেলের ফ্রি-কিকে বল দেইভেরসনের হাতে লাগলে স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৩৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে রোনালদোর জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে জালে জড়ায়, ২-১। ৭৯তম মিনিটে রোনালদোকেই ডি-বক্সের মধ্যে সার্বিয়ার ডিফেন্ডার নেনাদ ক্রিসতিচিচ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।, কিন্তু পেনাল্টি মিস করেন রোনালদো। নীচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক পাচেকো।

বেনজেমার বদলি নামা মোরাতা ৮৪তম মিনিটে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিজেদের সীমানা থেকে মার্সেলোর উঁচু বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দৌড়ে ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান স্পেনের এই স্ট্রাইকার।

গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে জয়সূচক গোল করেছিলেন মোরাতা।

৮৮তম মিনিটে আবারও গোলের মাধ্যমে রোনালদোর হ্যাটট্রিক পূরণ হয়। মার্সেলোর সঙ্গে একবার বল দেওয়া করে এবারের লিগে নিজের পঞ্চম গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক।

শীর্ষস্থান ধরে রাখা জিনেদিন জিদানের দলের পয়েন্ট ১০ ম্যাচে ২৪। দিনের প্রথম ম্যাচে স্পোর্তিং গিহনের সঙ্গে ১-১ গোলে ড্র করা সেভিয়ার পয়েন্ট ২১।

আপনার মন্তব্য

আলোচিত