স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ২১:৫৭

মুশফিকের বরিশালকে বড় ব্যবধানে হারালো তামিমের চিটাগং

৩ উইকেট নিয়ে চিটাগং ভাইকিংসের সেরা বোলার মোহাম্মদ নবী

বিপিএলে মঙ্গলবারের (২২ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। জয়ের জন্য ১৮৫ রান তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেছে বরিশাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং ভাইকিংস বোলারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বুলস। স্কোর বোর্ডে মাত্র ৩৯ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে তারা। এরপর জুটি গড়ে সম্মানজনক স্কোর করার চেষ্টা করেন এনামুল হক ও তাইজুল ইসলাম। তবে তাইজুল ১২ রান তুলে আউট হওয়ার পর বরিশালের আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। এক প্রান্তে একাই ব্যাট হাতে লড়াই চালিয়ে যান এনামুল হক। তবে তার ৪২ রানের লড়াকু ইনিংস পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে কেবল।

বরিশালের ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ওপেনার ডেভিড মালান (৫) ও নাদিফ চৌধুরীকে (৪) ফিরিয়ে দেন চিটাগং ভাইকিংসের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। পরের ওভারেই শুভাশিষের বলে বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা শাহরিয়ার নাফিস (১)। উইকেট হারায় বরিশাল। চতুর্থ ওভারে এসে প্রথম বলেই জিভান মেন্ডিসকে (১) নিজের তৃতীয় শিকার বানান নবী। কিছুটা প্রতিরোধ গড়া অধিনায়ক মুশফিকুর রহিম (১৯) তাসকিন আহমেদের করা সপ্তম ওভারের শেষ বলে নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

মুশফিকের পর থিসারা পেরেরাকে (০) বোল্ড করে ষষ্ঠ উইকেটের পতন ঘটান শোয়েব মালিক। নবম ওভারে রায়াদ এমরিতকে (৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। ফলে মাত্র ৩৯ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল।

তিন ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে চিটাগংয়ের সেরা বোলার মোহাম্মদ নবী। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও শুভাশিষ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। ওপেনিংয়ে ক্যারিবীয় তারকা স্মিথের সঙ্গে ৪৩ রানের পার্টনারশিপে দলকে ভালো শুরু এনে দেন তিনি। তামিম ১৯ রান করে আউট হয়ে গেলে দলের হাল ধরেন শোয়েব মালিক ও ডোয়াইন স্মিথ। দুজনের ঝড়ো অর্ধশতকে পাঁচ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চিটাগং। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৪৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মিথ। আর রায়াদ এমরিতের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৯ চার ও ২ ছক্কায় মাত্র ৩০ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মালিক।

বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন বরিশাল বুলসের থিসারা পেরেরা ও কামরুল ইসলাম রাব্বি।

আজকের ম্যাচ শেষে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে চিটাগং ভাইকিংস। আর সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বরিশাল। প্রথম তিনটি স্থানে আছে রংপুর রাইডার্স, খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস।

আগামী দুই দিন কোনো খেলা নেই বিপিএলে। ২৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে গ্রুপ পর্বের শেষ লড়াই।

 

আপনার মন্তব্য

আলোচিত