স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৬ ১৩:০৬

ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের!

ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ না পাওয়ায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা- বিসিসিআই’র কাছে ক্ষতিপূরণের দাবি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি।

সম্প্রতি দুবাইয়ে মেয়েদের চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়নি ভারত। শাহরিয়ার খান এর জন্যও ক্ষতিপূরণ দাবি করেছেন। আইসিসিও এ ব্যাপারে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে। ভারতের নারী ক্রিকেট দলের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ভারতকে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্তের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে। আইসিসি মূলত জানতে চায়, পাকিস্তানের সঙ্গে না খেলার পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে কি না!

রাজনৈতিক কারণে পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত। দ্বিপক্ষীয় সিরিজ তো বটেই, আইসিসি আয়োজিত টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখার অনুরোধ এসেছে ভারতের কাছ থেকে। দ্বিপক্ষীয় সিরিজে, বিশেষ করে পাকিস্তান আয়োজিত সিরিজে ভারত না খেললে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়, সে ব্যাপারে ক্ষতিপূরণের কথা উঠেছিল বেশ আগে থেকেই। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান তো গতকাল শুক্রবার হুমকিই দিলেন, ভারত পাকিস্তানের সঙ্গে না খেললে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘‌বিসিসিআই বরাবর বলে এসেছে তাদের সরকার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের অনুমতি দিচ্ছে না। ভারতের মহিলা দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আইসিসি বলেছিল, এই মর্মে স্বরাষ্ট্র দফতরের চিঠি আইসিসির কাছে পেশ করার জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তা করেনি। পুরুষ দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কোনও চিঠি দেখাতে পারেনি বিসিসিআই।’‌

এরপরই তিনি বলেছেন, ‘‌আইসিসি আমাদের পক্ষে রায় দিয়েছে। এবার আমরা বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ চাইবো। কারণ ভারত-‌পাকিস্তান সিরিজ না হওয়ায় বিপুল ক্ষতি হয়েছে আমাদের।’‌

পিসিবি চেয়ারম্যান আরো বলেন, ‘‌হয় বিসিসিআই আইসিসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি জমা দিক। নয়ত আমরা আইনি পদক্ষেপ নেব।’‌

২০০৭ সালের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি।

আপনার মন্তব্য

আলোচিত