১৯ ডিসেম্বর, ২০১৬ ১২:০৩
ছবি: Getty Images
জিততে হলে করতে হয় ৪৯০ রান। ড্র করতে হলেও উইকেটে কাটিয়ে দিতে হত দুদিন। পেস বান্ধব পিচে দুটোয় প্রায় অসম্ভব কাজ। ক্রিকেট ইতিহাসে এমন নজির আগে কখনই ঘটেনি। ঘটল না এবারও। অস্ট্রেলিয়া ব্রিসবেনে প্রথম টেস্টে অবিশ্বাস্য জয়ের খুব কাছে গিয়ে পাকিস্তান হারল ৩৯ রানে।
পাকিস্তান হেরে যাওয়ায় অক্ষত থাকল সর্বোচ্চ রান তাড়া করে জেতা ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা ৪৯০ রানের লক্ষ্যে আসাদ শফিকের অসাধারণ নৈপুণ্যে ৪৫০-এ থামে
মিচেল স্টার্কের করা ১৪৫তম ওভারের বাউন্সি বলে ব্যাটের নিয়ন্ত্রণ হারান আসাদ শফিক। ক্যাচটি তালুবন্দি করেন ডেভিড ওয়ার্নার। সফরকারীদের আশার প্রদীপকে ফিরিয়ে উল্লাসে মাতে অজিরা। তখনো শেষ ভরসা হয়ে ছিলেন ইয়াসির শাহ (৩৩)। কিন্তু ওই ওভারের শেষ বলে তার রানআউটের মধ্য দিয়ে রেকর্ডময় ম্যাচটির সমাপ্তি ঘটে।
তার আগে আট উইকেটে ৩৮২ রান (১২৩ ওভার) নিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামেন সেঞ্চুরিয়ান শফিক ও ইয়াসির। দু’জন মিলে আরো ২২ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন। কিন্তু শেষ হাঁফ ছেড়ে বাঁচলেন স্টিভেন স্মিথরা।
একাই চারটি উইকেট দখল করেন স্টার্ক। জ্যাকসন বার্ড তিনটি ও বাকি দু’টি নেন নাথান লিওন।
ক্যারিয়ারের ৫০তম টেস্টে ১৩৭ রানের (২০৭ বল) অবিস্মরণীয় এক ইনিংস উপহার দেন শফিক। টেস্ট ইতিহাসে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বেশিসংখ্যক (৯টি) সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ছাড়িয়ে যান ক্যারিবীয় কিংবদন্তি গ্যারি সোবার্সকে।
লড়াই করে হেরে যাওয়া পাকিস্তানের প্রাপ্তিও কম নয়। বেশ কয়েকটি রেকর্ডে পাতায় জায়গা করে নিয়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা। ব্রিসবেনে চতুর্থ ইনিংসে আগের সর্বোচ্চ স্কোর ছিল ৩৭০ (ইংল্যান্ড, ২০০৬-০৭ অ্যাশেজ)। আর অস্ট্রেলিয়ার যেকোনো গ্রাউন্ডে সর্বোচ্চ ৪৪৫ রান করেছিল ভারত (অ্যাডিলেডে, ১৯৭৭-৭৮)। দু’টি রেকর্ডই নিজেদের করে নিল পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস - ৪২৯ (স্মিথ ১৩০, হ্যান্ডসকম্ব ১০৫, রেনশ ৭১, আমির ৪/৩১, ওয়াহাব ৪/২৬)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস - ২০২/৫ ডিক্লে. (খাজা ৭৪, স্মিথ ৬৩, রাহাত আলী ২/১০)
পাকিস্তান প্রথম ইনিংস - ১৪২ (সরফরাজ ৫৯, স্টার্ক ৩/১৮, হ্যাজেলউড ৩/১৪, বার্ড ৩/১২)।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস - ৪৫০ (১৪৫ ওভার, শফিক ১৩৭, ইউনিস ৬৫, আমির ৪৮, ইয়াসির ৩৩, ওয়াহাব ৩০, সরফরাজ ২৪, স্টার্ক ৪/৩৮, বার্ড ৩/৩৩)।
আপনার মন্তব্য