১৯ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৪
দীর্ঘদিন পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট ম্যাচ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৮তম জাতীয় ক্রিকেট লীগের ৪ দিনের টায়ার টুর ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে চট্রগ্রাম বিভাগ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টায় শুরু হবে চারদিনের এই ম্যাচটি।
জাতীয় লীগের খেলা উপলক্ষ্যে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। গত কিছুদিন টানা কাজ চালিয়ে মাঠকে পুরোপুরি ক্রিকেট উপযোগি করে তোলা হয়েছে। গ্যালারিসহ স্টেডিয়ামের ভেতর ও বাইরের অংশকে করা হয়েছে পরিচ্ছন্ন।
মুখোমুখি হতে যাওয়া দু'টি দলই তাঁদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে। এর মধ্যে রংপুরের হয়ে খেলবেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও উইকেট রক্ষক লিটন দাস। টায়ার টুতে দ্বিতীয় স্থানে থাকা রংপুর কিছুটা সুবিধাজনক স্থানে। এবারের লীগে এখন পর্যন্ত সর্বাধিক রান করা ইরফান শুকুরের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে চট্টগ্রাম।
আজ সোমবার সিলেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দল। অনুশীলনের ফাঁকে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের সাথে আলাপকালে নাসির হোসেন বলেন, "মাঠ দেখে আমি মুগ্ধ। সিলেটের এই স্টেডিয়ামটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম। এখানকার সুযোগ-সুবিধাও আন্তর্জাতিক মানের।"
সিলেটে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি জেনে অবাক হন নাসির। বলেন, "এমন বিশ্বমানের একটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ না হওয়াটা খুবই হতাশার। এখানে ম্যাচ আয়োজন করা উচিত।"
এর আগেও জাতীয় লীগের ম্যাচে সিলেটের এই স্টেডিয়ামে খেলেছেন চট্রগ্রামের অলরাউন্ডার সাইফুদ্দিন বাবু। সোমবার অনুশীলন শেষে তিনি বলেন, "এটি আমার পরিচিত মাঠ। আগেও খেলেছি। এবার উইকেট আর আউটফিল্ড দেখে আমি সন্তুষ্ট। আশা করছি ভালো একটি ম্যাচ হবে।"
আপনার মন্তব্য