স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৩

বার্সা ছেড়ে দিচ্ছেন এনরিকে!

এই মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তিও শেষ। এরপর কী করবেন লুইস এনরিকে? বার্সাতেই থাকবেন, নাকি ছেড়ে যাবেন?

প্রশ্নটা উঠছে, কারণ মৌসুম শেষ হতে বাকি আর মাস ছয়েক। অথচ এখনো কোচের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কিছুই শোনা যাচ্ছে না বার্সেলোনার পক্ষ থেকে। এনরিকে নিজেও এখনো নিশ্চিত নন মৌসুম শেষে কী করতে চান।

মেসি-ইনিয়েস্তাদের কোচ হিসেবে আগের দুই মৌসুমে খুব একটা খারাপ করেননি। দুই মৌসুমেই স্প্যানিশ লিগ ও কাপ জিতিয়েছেন, প্রথম মৌসুমে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগও। তবু কোথাও যেন সুরটা ঠিক ঠিক মিলছে না এনরিকের। বার্সায় থাকতে ভালো লাগছে তাঁর, কিন্তু বিশ্বের অন্যতম সেরা ক্লাবের কোচ হওয়ার চাপটাও ঠিক যেন উপভোগ করছেন না ৪৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড।

বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকে বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, আমি সেরা দল, সেরা ক্লাবের সঙ্গে আছে। সেরা খেলোয়াড়েরাও এখানে। আমার ঘর, পরিবারও। শিরোপা জেতা, তাতে দলের সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকা...সবই ভালো লাগে।’

তাহলে সমস্যাটা কোথায়? সেটিরও ধারণা দিয়েছেন এনরিকে, ‘তবে সবকিছুর পরও এই চাকরিটার অন্য একটা দিকও আছে, অনেক কঠিন এটা। এর জন্য অনেক কিছু হারাতেও হয় আমাকে। পরের কয়েক মৌসুমের কথা যখন চিন্তা করি, তখন নেতিবাচক এই দিকগুলোও ভাবতে হয়।’

সে ক্ষেত্রে এই মৌসুমের এনরিকেকে বার্সার ডাগআউটে দেখতে পাওয়ার সম্ভাবনা কতটুকু? সমর্থকদের দোলাচলেই রাখলেন বার্সা কোচ, ‘আমি খুব ভালোভাবেই জানি, আমি হয় বার্সাতে থাকব, নতুবা কোথাও না। তবে হাতে এখনো সময় আছে, (সিদ্ধান্ত যা-ই হোক) ক্লাবও আমার পাশেই থাকবে।’

কে জানে, এটিই এনরিকের কৌশল কি না! বার্সায় নিজের প্রথম মৌসুমেও দল খারাপ করতে থাকার সময় এমন যাব-যাব করছিলেন, মেসির সঙ্গে কথিত বিবাদের জের ধরে তাঁকে বরখাস্ত করা হবে তেমনও শোনা যাচ্ছিল। পরে সেই মৌসুমে এনরিকে থেকে যান, বার্সাও জেতে ট্রেবল।

এবার ‘দেজা ভ্যু’ করাতে হলে অবশ্য অনেক কাঠখড় পোড়াতে হবে, লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে দুইয়ে বার্সা (রিয়াল একটি ম্যাচ কম খেলেছে)। চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের শেষ ষোলোতে অবশ্য উঠে গেছে।
শীতকালীন বিরতি শেষে মেসিদের পরের ম্যাচ ৮ জানুয়ারি, ভিয়ারিয়ালের বিপক্ষে।
সূত্র: মার্কা

আপনার মন্তব্য

আলোচিত