স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩২

৫০ হাজার দর্শকের কন্ঠে নাইস গ্যারি, আউট সামি আসলাম!

‘নাইইইইসসস গ্যারি....!’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গে ৫০ হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে যেন ‘ভয় পেয়ে’ আউট হয়ে গেলেন সামি আসলাম!

ব্যাপারটা কী? মেলবোর্নের দর্শকেরা হঠাৎ গ্যারির প্রশংসায় উচ্চকণ্ঠ কেন? ‘গ্যারি’টাই বা কে, এ নামে অস্ট্রেলিয়া দলে তো কেউ নেই! তাঁকেই এত বাহবা!

‘গ্যারি’ নামে অস্ট্রেলিয়া দলে আছে একজন, তবে টেস্ট নয়, তিনি খেলেন রাগবি। পুরো নাম গ্যারি লায়ন। ক্রিকেটার নাথান লায়নের সঙ্গে নামের মিল থাকার কারণে উইকেটকিপার ম্যাথু ওয়েড তাঁকে ডাকেন ‘গ্যারি’ বলে। লায়ন বল করতে এলে স্টাম্পের পেছনে থেকে বিরামহীন উৎ​সাহ-বচন ভেসে আসে—‘নাইস গ্যারি’, ‘ওয়েলডান গ্যারি’, ‘গুড বল গ্যারি’।

মেলবোর্নের দর্শকেরা ঠিক করেছিল, এই টেস্টে লায়ন যখন নিজের তৃতীয় বলটা করবেন, তখন গ্যালারির সবাই মিলে একসঙ্গে চিৎ​কার করে উঠবেন—নাইস গ্যারি। এ নিয়ে ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছিল। সেটাই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বেশ শোরগোল চলছে কিছুদিন ধরে।

বক্সিং ডেতে এমনিতেই উৎসবের আমেজে টেস্ট দেখেন মেলবোর্নের দর্শকেরা। এর মধ্যে এবার বাড়তি উপলক্ষ মিলল। এর মধ্যে অধিনায়ক স্টিভেন স্মিথ যখন লায়নকে দিনের দ্বাদশ ওভারে বল করতে ডাকলেন, উল্লাসধ্বনিতে ফেটে পড়ল এমসিজির সুবিশাল গ্যালারি। ইএসপিএন ক্রিকইনফো লিখেছে, লায়ন যখন বল করতে এল, গোটা গ্যালারি এমন উল্লাসধ্বনি দিল, যেন কোনো অফ স্পিনার নয়, ঘরের ছেলে মার্ভ হিউজ বল হাতে নিয়েছেন।

ক্রিকেট দেবতা হয়তো ঠিক করে রেখেছিলেন, তিনিও মজা থেকে বঞ্চিত হবেন কেন! লায়নের তৃতীয় বলটিতে যে-ই না দর্শকেরা ‘নাইস গ্যারি’ বলে চিৎকার করে উঠলেন, ওই বলেই সামি স্মিথকে ক্যাচ দিয়ে বসলেন স্লিপে! যেন পুরো ব্যাপারটাই কোনো চিত্রনাট্যের অংশ! মজা করে বলা হচ্ছে, অমন চিৎ​কারে নিশ্চয়ই পিলে চমকে গিয়েছিল আসলামের!

১৮ রানে দিনের প্রথম উইকেট হারানো পাকিস্তান পরপর নিয়মিত বিরতিতে আরও তিন ব্যাটসম্যানকে হারিয়েছে। বাবর আজম (২৩), ইউনুস খান (২১) ও অধিনায়ক মিসবাহ (১১) সাজঘরে ফিরেছেন। ৬৬ রানে অপরাজিত আজহার আলীর সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন গত ম্যাচের অবিশ্বাস্য ইনিংস খেলা আসাদ শফিক। ৪ উইকেটে ১৪২ রানে দিন ​শেষ করেছে পাকিস্তান।

লায়নকে ঘিরে তৈরি হওয়া এমন রোমাঞ্চকর দিনের শেষটা অবশ্য ভেস্তে দিয়েছে বৃষ্টি। ৩৯ ওভার খেলাই হয়নি। অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাকসন বার্ড নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড ও নাথান ‘নাইস গ্যারি’ লায়ন। সূত্র: ইএসপিএনক্রিকইনফো।

আপনার মন্তব্য

আলোচিত