২৭ ডিসেম্বর, ২০১৬ ১৯:২৯
আন্তর্জাতিক ভলিবল অঙ্গনে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু সিনিয়র মেনস এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে ২৫-২২,২৫-২২ ও ২৫-৬ পয়েন্টে হারিয়ে ৩-০ সেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
কিরগিজস্তান খেলতে এসেছিল মোট আটজন খেলোয়াড় নিয়ে। কিন্তু বুধবার একজন ও আজ ফাইনাল চলাকালীন আরেকজন খেলোয়াড় আহত হলে নিয়ম রক্ষার জন্য কোর্টে ছয়জন ও একজন সাইডলাইনেসহ মোট সাতজন খেলোয়াড়ও ছিল না তাদের! বাংলাদেশ এ পর্যায়ে ৭-৬ পয়েন্টে এগিয়ে ছিল। কিরগিজস্তান খেলতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশকে ২৫-৬ পয়েন্ট জয়ী ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাইদ আল জাবির দেশকে প্রথম আন্তর্জাতিক ভলিবল শিরোপা উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর জানান এখানেই থেমে থাকতে চায় না তার দল, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি, শিরোপা জয় ছিল আমাদের একমাত্র লক্ষ্য। আসলে গত এক বছরে আমরা বেশকিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছি এবং অব্যাহত অনুশীলনে ছিলাম। আমাদের আত্মবিশ্বাসও ধীরে ধীরে বেড়েছে, আমরা শিরোপা জিতে দেখালাম যে ভলিবলেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। আমরা এখানেই থেমে থাকতে চাই না।’
বাংলাদেশের ইরানি কোচ আলি পৌর আরোজি দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, ‘খুবই ভালো করেছে আমার খেলোয়াড়রা, আমরা শুধু ঘরের মাঠেই অনুশীলন করেছি। কোনও প্র্যাকটিস ম্যাচ খেলতে পারিনি। মালদ্বীপের কথা ধরুন, তারা শ্রীলঙ্কাতে গিয়ে খেলে তারপর এখানে এসেছে। খেলোয়াড়দের যোগ্যতা আছে, দীর্ঘ মেয়াদী ও উন্নত প্রশিক্ষণ পেলে তারাও এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে সক্ষম। তাদের প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রয়োজন ।’
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের হরষিত বিশ্বাস। তিনি মূলত বামদিকের স্ম্যাশার। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া, ‘আমরা এই কোচের কাছে আধুনিক ভলিবলের কলাকৌশল শিখেছি। রোটেশনাল বা ঘূর্ণায়মান প্রক্রিয়ায় আমরা খেলেছি। এখানে আমাদের কৌশলে বৈচিত্র্য ছিল। একধারায় না খেলে অলআউট টিম ওয়ার্কে খেলার ফলেই এই সাফল্য।’
উল্লেখ্য, গতবছর এই টুর্নামেন্টেরই সেমিফাইনালে বিদায় নিয়েছিল লাল সবুজ জার্সিধারীরা। আজ (মঙ্গলবার) সেই টুর্নামেন্টেরই শিরোপা জিতলো তাঁরা।
আপনার মন্তব্য