স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৮

বর্ষসেরা টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ

মাত্র কয়েকদিন আগেই ইনজুরি মুক্ত হয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন মোস্তাফিজ। বর্তমানে আছেন দলের সাথে নিউ জিল্যান্ড সফরে। এই ফেরা নিঃসন্দেহে বাংলাদেশ ও মোস্তাফিজের জন্য দারুণ সুসংবাদ। এর সাথে যোগ হয়েছিলো আরেকটি সুসংবাদ। সম্প্রতি আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার।

এবার আরেকটি সুখবর পেলেন মোস্তাফিজ। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় ২০১৬ সালের সেরা টি-টুয়েন্টি একাদশ তৈরি করেছে সিএ’র অফিসিয়াল ওয়েবসাইট। আর এই দলে জায়গা পেলেন মোস্তাফিজ। এ বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ২৬ ম্যাচে ১৮.১০ গড়ে ৩৭টি উইকেট নিয়েছেন তিনি। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হচ্ছে তার সেরা বোলিং ফিগার।

এখন পর্যন্ত দেশের জার্সি জড়িয়ে ৯ ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আর টি-টুয়েন্টিতে ১৩ ম্যাচে নিয়েছেন ২২টি উইকেট। রঙিন পোশাকে নিয়মিত হলেও টেস্টে অনিয়মিত মোস্তাফিজ। ইনজুরি ও ফিটনেস ঠিক রাখতেই তাকে এ ফরম্যাট থেকে দূরে রেখেছে বিসিবি। সাদা পোশাকে মাত্র দুই ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি দল-

ডেভিড ওয়ার্নার, জেসন রয়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, জস বাটলার (উইকেটরক্ষক), ফারহান বেহারদিন, শহীদ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা ও মোস্তাফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত