২৯ ডিসেম্বর, ২০১৬ ০৪:০৪
প্রথম ওয়ানডেতে যাই হোক না কেন নেলসনে অন্য এক বাংলাদেশের দেখা মিলল। ব্যাটিং উইকেটে নিউ জিল্যান্ডকে চেপে ধরে ২৫১ রানেই অলআউট করে দিলো বাংলাদেশ। এখন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে, নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারানোর মাধ্যমে।
ইতিহাস গড়ার যেকোন ম্যাচে অধিনায়ক মাশরাফি সামনে থেকে নেতৃত্ব দেবেন এযেন অবধারিতই, নেলসনেও তাই ঘটল। নিজে নিলেন মূল্যবান তিন উইকেট আর অধিনায়কত্বে রাখলেন প্রজ্ঞা ও প্রাজ্ঞতার ছাপ। নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম কোনো ম্যাচ জয়ের ইতিহাস গড়ার ইঙ্গিতবহ ম্যাচে প্রথম কাজটা সমাপ্ত হলো, এবার পরিপূর্ণ করার দায়িত্ব ব্যাটসম্যানদের।
সেক্সটন ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। কিউইদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই মাশরাফি বিন মুর্তাজার শিকার হন মার্টিন গাপটিল (০)। দলীয় ৩৭ রানে তাসকিনের বলে সাকিবের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামসন (১৪)। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। একসময় ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। টিম সাউদি (৩) এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ল্যাথামকে (২২) ফেরত পাঠান সাকিব। তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন লুক রঞ্চি (৩৫)।
মোসাদ্দেক ২ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তানভীর ৮ ওভার বল করে ৪৭ রান দেন। মাশরাফি ৩টি, সাকিব-তাসকিন ২টি করে এবং শুভাশিস রায় ১টি উইকেট নেন। সাকিব, তাসকিন, শুভাশিসের ইকোনোমি রেট ছিল সমান-৪.৫০। আর মাশরাফির ৪.৯০।
বাংলাদেশ যখন বোলিংয়ে আগুন ঝরাচ্ছে তখন স্রোতের বিপরিতে একাই লড়েছেন কিউই দলে ফেরা নেইল ব্রুম। ১০১ বলে ৭ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে তিনি ৩ অংকে পৌঁছান। শেষ পর্যন্ত ১৭ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। নিউ জিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন লুক রঞ্চি। তিনি ৩৮ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৩৫ রান করেন। এছাড়া নিশাম করেন ২৮ রান।
আপনার মন্তব্য