০৪ নভেম্বর, ২০১৭ ১৭:৩০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে সিলেট সিক্সার্স।
শনিবার (৪ নভেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ১২৫ রানের উদ্বোধনী জুটির উপর ভর করে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট সিক্সার্স।
অর্ধশতক করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যানই। উপুল থারাঙ্গা করেন ৪৮ বলে ৬৯, আর আন্দ্রে ফ্লেচার করেন ৫১ বলে ৬৩। সাব্বির রহমান অপরাজিত থাকেন ২ রানে।
এর আগে টস জিতে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়।
নাসির হোসেনের প্রথম বল দিয়েই শুরু হয় বিপিএলের পঞ্চম আসরের সিলেট পর্ব। প্রথম ওভারের শেষ বলে ছয় হাঁকাতে গিয়ে প্লাঙ্কেটের তালুবন্দি হন ঢাকার ওপেনার মেহেদি মারুফ। সিলেট সিক্সার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধাই করতে করতে পারেন নি ঢাকার ব্যাটসম্যানরা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা ডায়নামাইটস। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান কুমার সাঙ্গাকারার। তিনি ২৮ বলে ৩২ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান করেন ২১ বলে ২৩ রান।
সিলেট সিক্সার্সের পক্ষে অধিনায়ক নাসির হোসেন, আবুল হোসেন রাজু ও লিয়াম প্লাঙ্কেট নেন দুটি করে উইকেট। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান।
ব্যাটিং এ ছন্দ হারানো ঢাকা ডায়নামাইটস ছন্দ খুঁজে পায়নি বোলিংয়েও।
এ সুযোগ কাজে লাগিয়ে এবং সহজ লক্ষ্য পেয়ে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সিলেট সিক্সার্সের দুই ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। আন্দ্রে ফ্লেচার ৫১ বলে ৬৩ রান করে আউট হলেও সিলেট সিক্সার্স ততক্ষণে পৌছে যায় জয়ের কাছাকাছি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৪৮ বলে ৬৯ রান করা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপুল থারাঙ্গা বলেন, সিলেট ভেন্যুর উইকেট ব্যাটিং সহায়ক উইকেট। তবে আমাদের নিয়ন্ত্রিত বোলিং ও ডট বলের কারণে আমরা ম্যাচ জিততে পেরেছি।
নিজের মাঠের সুবিধাটাও ভালোভাবে কাজে লাগিয়েছে সিলেট সিক্সার্স বলেন উপুল থারাঙ্গা।
আপনার মন্তব্য