ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৭ ১১:৪৪

মাশরাফি, জার্সি নম্বর ‘০’

মাশরাফি, দ্যা ক্যাপ্টেন; ক্রিকেটপ্রেমি অনেকের কাছে এমনই তিনি। মাশরাফির দিকে চোখ থাকে ক্রিকেটপ্রেমিদের সে অনেক দিন থেকেই। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি, অধিনায়কও। বরাবরের মত এবারও আলোচনার বিষয় মাশরাফি। তবে শুরুটা তাঁর জার্সি নম্বর দিয়েই।

শনিবার বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ খেলেছে রংপুর, সে ম্যাচে জয় পেয়েছে মাশরাফির দল। তবে জয়ের চাইতে আলোচনায় এলো মাশরাফির জার্সি, কারণ ওই জার্সির নম্বর ‘০’!

জাতীয় দল, ফ্যাঞ্চাইজি লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গায় ‘০২’ নম্বর জার্সি পরে এতদিন খেলছিলেন মাশরাফি মর্তুজা। এবারের বিপিএলে মাশরাফি নেমেছেন ‘০’ নম্বর জার্সি পরে। ম্যাচ শেষে মাশরাফি নিজেই জানালেন এর পেছনে আছে দুই কারণ।

ক্যারিয়ারের শুরুতে ‘০৪’ নম্বর জার্সি পরে খেলতেন হার্শেল গিবস। ২০০৪ সালে ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হন। পরে নির্দোষ প্রমাণে ক্রিকেটে ফিরলে ‘০০’  নম্বর জার্সি পরে খেলতে নামতেন। গিবসের কাছ থেকেই নাকি এই নম্বর বদলের অনুপ্রেরণা মাশরাফির,  'এর পেছনে আসলে দুইটা কারণ আছে, কদিন আগে একটা সাক্ষাতকারে পড়েছিলাম হার্শেল গিবসের, স্টার্ট ফ্রম জিরো এগেইন।'

জাতীয় দলে ক্যারিয়ার একদম শুরুতে অবশ্য ২০ নম্বর জার্সি পরতেন মাশরাফি। পরে শূন্য আগে এনে দুই পরে নিয়ে যান। এবার ২ বাদ দিয়ে নাকি করলেন বৃত্তপূরণ,  'শুরুতে ২০ ছিল, পরে শূন্য কেটে দিয়েছিলাম। এখন ২ বাদ দিয়ে শূন্য রেখেছি, বৃত্ত পূরণ হয়ে গেল।'

এই কদিন আগে টি-টোয়েন্টি দল থেকে নিজকে সরিয়ে নিয়েছেন; ওই দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট হয়ত টি-টোয়েন্টিতে মাশরাফিকে কার্যকর ভাবছে না আগের মত। এবারের টি-টোয়েন্টিকে কি তবে মাশরাফি শেষের শুরু ভেবেই নেমেছেন, আর জার্সি নম্বরে কি দিয়ে রাখলেন সে ইঙ্গিত? প্রশ্নের উত্তর হয়ত পাওয়া যাবে বিপিএল এগুনোর সাথে সাথেই!

আপনার মন্তব্য

আলোচিত