ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৭ ১৩:২৬

আজও জয় ঘরে তুলতে চায় সিলেট

সাদামাটা দল নিয়ে সিলেট সিক্সার্স শুরু করেছে দুর্দান্ত। এমন জয়ে শুরুর পর বিপিএল ঘিরে সিলেটবাসীর উৎসাহ এখন দ্বিগুণ। আজ রোববার দুপুর দুইটায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আরেকবার সিলেটবাসীকে আনন্দের বন্যায় ভাসাতে ইতিমধ্যে মাঠে এসেছেন নাসির-সাব্বিররা।

প্রথম ম্যাচে দর্শকের ঢল নেমেছিল লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টিকিট না পেয়েও অনেকে এসেছিলেন স্টেডিয়াম এলাকায়। বাদামবাগিচা গেট সংলগ্ন টিলার উপর দাঁড়িয়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে চোখ রেখে প্রিয় দলের খেলা দেখেছেন অনেকে। মাঠের বাইরে থেকেও নাসির-সাব্বিরদের উৎসাহ দিয়ে গেছেন তারা।

দ্বিতীয় ম্যাচেও একই আবহের পূর্বাভাস। সিলেটের মানুষ ছুটছেন স্টেডিয়ামের দিকে। আশেপাশের জেলা থেকেও এসেছেন অনেকে। এমন সমর্থন মাঠে ভাল করতে উৎসাহ যোগায়, বলেছেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন।

শক্তিশালী ঢাকাকে হারানোর পর প্রত্যাশার পারদ আরও বেড়েছে সিলেটবাসীর। দুর্দান্ত শুরুর অনুপ্রেরণা, দর্শকদের সমর্থন নিয়ে কতটা ভাল খেলতে পারে নাসির-সাব্বিররা সেটিই দেখার।

আপনার মন্তব্য

আলোচিত