স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০১৫ ০৪:৪১

এবার টাইগারদের সিরিজ জয়ের মিশন

হাতুরাসিংহের শিষ্যরা কৌশল ঠিক করতে ব্যস্ত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নাকানি-চুবানি খাইয়ে ৭৯ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার এক ম্যাচে হাতে থাকতে সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে মাশরাফিদের লড়াই।

সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু। এরপর দেশের মাটিতে বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথমে লিড নেয়া। পরে সিরিজ জয়। শেষটা হয় বাংলাওয়াশ দিয়ে। এবার সামনে ভারত। শুরুটা হয়েছে জয় দিয়ে। আপাতত সিরিজটা জিতে সামনে এগিয়ে চলতে চায় স্বাগতিকরা।

মাশরাফিদের সঙ্গে ১৬ কোটি বাংলাদেশীদের স্বপ্নের কথা ভেসে আসল প্রধান কোচ চন্ডিকা হাথুরাসিংহের কণ্ঠে। শনিবার দলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ প্রধান কোচ হাথুরাসিংহে বলেন, আমরা বলছি না যে, ভারতের বিপক্ষে আমরাই ফেভারিট। তবে আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে অবশ্যই সিরিজ জয় নিশ্চিত হবে।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে জয়ই পেয়েছে মাত্র চারটি। তবে এবার সুযোগটি কাজে লাগাতে পারে স্বাগতিকরা।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু সিরিজ জয়েরই ম্যাচ নয়। দেশের মাটিতে জয়ের ধারা অব্যাহত রাখারও মিশন তাদের। গত ৯টি ওয়ানডে ম্যাচের সব কটিতে জয় পেয়েছে। জয়ের রেকর্ড ধরে রাখার সঙ্গে র‌্যাঙ্কিংয়ে চোখ থাকছে টাইগারদের। গত ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ে সাত নম্বর স্থান নিশ্চিত করেছে। এই ম্যাচে জিততে পারলে স্থানটি আরো মজবুত হবে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যাবে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট।

সিরিজ জিততে মরিয়া টাইগাররা শনিবার সকাল থেকেই অনুশীলন করেছে। অনুশীলনে সবাইকে প্রচুর পরিশ্রম করতে দেখা গেছে।

তবে সিরিজে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতেই রোববার মাঠে নামবে ভারত। এমনটা জানিয়েছেন দলপতি এমএস ধোনি। ম্যাচ শুরুর আগের দিন দুপুরে তারাও বেশ ঘাম ঝড়িয়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার পালা।

বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসাইন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত দল (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মুহিত শর্মা।

 

আপনার মন্তব্য

আলোচিত