২১ জুন, ২০১৫ ১১:২৬
ব্রাজিলের সাথে কলম্বিয়ার ম্যাচ মানেই এখন নেইমারের জন্য অভিশাপ। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জুনিগার আঘাতে বিশ্বকাপ তো বটেই ক্যারিয়ারই শেষ হতে যাচ্ছিল যার। আবার কলম্বিয়া ম্যাচে উত্তেজনা- পাল্টা উত্তেজনার পর মেজাজ হারানো নেইমারের লাল কার্ড পাওয়া।
উত্তেজিত নেইমারের আচরণ নিয়ে যেখানে তাঁর স্বদেশী রোনালদো পর্যন্ত সমালোচনায় মুখর তখন নেইমার পাশে পাচ্ছেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে।
নেইমারের ৪ ম্যাচ নিষিদ্ধাদেশ কোনভাবেই মেনে নিতে পারছেন না টিম আর্জেন্টিনা। লাল কার্ডের জন্য প্রথমে ১ ম্যাচ নিষিদ্ধ করা হলেও পরে সেটা বাড়িয়ে চার ম্যাচ করার হয় ফলে শেষ হয়ে যায় নেইমারের কোপা মিশন।
আর্জেন্তিনার তারকা মিডফিল্ডার জাভিয়ার মাসচেরানো বলেন, এটা নাকি নেইমারের বিরুদ্ধে ফেডারেশনের চক্রান্ত। তিনি বলেন ‘‘কোপায় এ রকম ঘটনাই ঘটে। নেইমারকে প্রায় কুড়ি বার লাথি মারা হয়। কিন্তু অবাক করে একটা হ্যান্ডবলের জন্য ওকে হলুদ কার্ড দেখতে হয়,’’
মাসচেরানো মনে করেন , নেইমারের মতো বিশ্বমানের প্রতিভাকে স্বাধীন ভাবে খেলতে দেওয়া হয় না। ‘‘মনে রাখতে হবে নেইমারের বয়স কিন্তু তেইশ। ওকে দশ বার লাথি মারলে ও রেগে যেতে বাধ্য।’’
আর আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর সাফ বক্তব্য, "নেইমারের এই শাস্তি প্রাপ্য নয়। এটা বাড়াবাড়ি, টিভি রিপ্লেতে আমরা দেখেছে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে তাকেই ধাক্কা দেয়া হয়"
নেইমারের জন্য সমাবেদনা আছে আর্জেন্টাইন অধিনায়ক ও তাঁর ক্লাব সতীর্থ লিওনেল মেসিরও। কোপা আমারিকায় নেইমারের মত ফুটবলারের ছিটকে পড়া যিনি দুঃখজনক মনে করেন।
নেইমারহীন ব্রাজিলের ভবিষ্যত্ তা হলে কী? কাকে নেইমারের দায়িত্ব দেওয়া হবে? গ্রুপ সি-র যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারাতেই হবে। কয়েক মাস আগের লুই ফিলিপ স্কোলারির মতোই অবস্থা বর্তমান কোচ দুঙ্গার। যাঁকে ভাবতে হচ্ছে, নেইমারের জায়গায় কে খেলতে পারেন? প্রথমে যাঁর নাম উঠে আসছে তিনি হচ্ছেন রবিনহো। কোপার স্কোয়াডে তাঁর প্রত্যাবর্তন ঘটলেও এখনও পর্যন্ত ম্যাচ খেলেননি তিনি।
তবে শুক্রবার অনুশীলনে নাকি বার্সার তারকার জায়গায় তাঁকেই ঝালিয়ে নেওয়া হয়। নেইমারের দ্বিতীয় বদলি হিসাবে থাকতে পারেন ফিলিপ কুটিনহো। তবে অনভিজ্ঞ এই ফুটবলারকে এত বড় দায়িত্ব না-ও দিতে পারেন দুঙ্গা। শেষমেশ হয়তো ফর্মেশন পাল্টে ৪-৪-২ করতে পারেন ব্রাজিলের কোচ। সেন্টার ফরোয়ার্ডে ফির্মিনো-তারদেলির জুটি।
কনমেবোলের সিদ্ধান্তের বিরুদ্ধে চব্বিশ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারে ব্রাজিল। তবে দুঙ্গা জানিয়েছেন, তাঁর প্ল্যান বি তৈরি। ‘‘আগেও তো নেইমারকে ছাড়া খেলেছি। আমাদের তৈরি থাকতে হবে। অবশ্যই ওর মতো ফুটবলার না থাকাটা ক্ষতি। তবে এখন ভাবতে হবে যারা আছে তাদের মধ্যে কে খেলবে।’’ নেইমারের খারাপ আচরণ নয়, রেফারিকেই এই ঘটনার জন্য দোষ দিচ্ছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল অধিনায়ক। ‘‘মানছি নেইমার খারাপ ব্যবহার করেছে। কিন্তু ওকেও পুরো ম্যাচ অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে। এ ভাবে কাউকে সাসপেন্ড করে দিলে সবাইকে বাড়িতে বসে থাকতে হবে।’’
আপনার মন্তব্য