২৪ জুন, ২০১৫ ০০:৫০
দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় যারা মনে করছেন গুরুত্বহীন ম্যাচে কিছুটা হয়ত গা ছাড়া ভাব দেখা যাবে বাংলাদেশের। তাদের জন্য তথ্য হল টিম বাংলাদেশকে উজ্জীবিত করতে অধিনায়ক মাশরাফি বাতলে দিয়েছেন নতুন থিওরি।
মাশরাফি সবাইকে বলেছেন মনে কর আমরা সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গেছি কাজেই তৃতীয় ম্যাচ জিততেই হবে। কোন ছাড় নয়, সর্বোচ্চ প্রয়াস দিয়ে জেতার জন্য লড়তে হবে। অধিনায়ক যখন জেতার জন্য এমন ক্ষুধার্ত থিওরি বাতলে দেন তখন বাংলাওয়াশের জন্য প্রস্তুতি নিতেই পারে বাংলাদেশ।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে চমক হিসেবে দলে নেয়া হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। এদিকে শেষ ম্যাচে জিতে 'সম্মান বজায়' রাখতে মরিয়া ভারত। কাজেই গুরুত্বহীন ম্যাচেও উত্তেজনা কিন্তু কমছেনা।
তবে সকল উত্তেজনায় বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ২৪ তারিখ ঢাকায় ঝড়ো বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন এসে জানালেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে তৃতীয় ওয়ানডেতে জেতা অসম্ভব হবে না। ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টানা তৃতীয় বাংলাওয়াশের কৃতিত্বে ভাসবে বাংলাদেশ, আর এ লক্ষ্যে স্বাগতিকরা নাকি খেলবে আগের কোনো ম্যাচ জেতা হয়নি ধরে নিয়ে!
আর রবীচন্দ্র অশ্বিন বলেছেন, টিম কম্বিনেশন নিয়ে তাদের দলে রয়েছে সমস্যা। সঠিক টিম কম্বিনেশন দাঁড় করাতে পারলে 'বাংলাওয়াশ' এড়ানো সম্ভব।
বাংলাদেশের ক্রিকেটে যে কি মধুর সময় বইছে অশ্বিনের এই কথা তাঁর আরেকটি প্রমাণ। দুই ম্যাচে বিধ্বস্ত হওয়া প্রতিপক্ষ 'বাংলাওয়াশ' এড়াতে টিম কম্বিনেশন নিয়েই চিন্তায়!
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বাংলাওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এবার সেই তালিকায় যোগ হবে ভারত? অপেক্ষায় কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
আপনার মন্তব্য