স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০১৫ ২০:১৮

শেষ আটে গুরু শিষ্যের লড়াই

গুরুর মুখোমুখি শিষ্য। কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটিতেই তা দেখা যাবে। শেষ আটের এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন কলম্বিয়ার এগিয়ে চলার নেপথ্যের নায়ক আর্জেন্টিনার সাবেক কোচ হোসে পেকারমান আর আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা জয়ের স্বপ্ন-সারথি লিওনেল মেসি।

মেসির আন্তর্জাতিক ফুটবলে আবির্ভাব দশ বছর আগে; কলম্বিয়ার বর্তমান কোচ পেকারমানের হাত ধরে। ২০০৬ সালে জার্মানিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটাও পেকারমানের অধীনেই খেলেছিলেন মেসি।

২০০৬ বিশ্বকাপে গুরু আর শিষ্যের শেষ দৃশ্যটা ছিল এরকম-কোয়ার্টার-ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে পেকারমান মেসিকে বদলি হিসেবে নামাননি; আর বেঞ্চে মাথা নত করে বসে আছেন মেসি।

চিলির ভিনা দেল মারে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ আটের ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে। এদিন মেসি দেখতে চাইবেন, ম্যাচ শেষে মাঠে পেকারমান স্থির হয়ে আছেন; আর ২০১৪ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা সেমি-ফাইনালে পা রেখেছে।

আর্জেন্টিনার হয়ে ১০০ ম্যাচ খেলে ফেলা মেসি অবশ্য পেকারমানের বিরুদ্ধে মাঠে নামার আগে তার প্রশংসাই করলেন।

“তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, যেটা আমি কখনও ভুলব না।”

দুই দলের ম্যাচটি হয়ত উন্মুক্তই হবে। পেকারম্যানের দল আক্রমণাত্মক ফুটবলই খেলতে চাইবে। আর গনসালো হিগুয়াইন, কার্লোস তেভেস ও সের্হিও আগুয়েরোর মতো প্রতিভাবান ফরোয়ার্ডদের নিয়ে মেসিও চাইবেন কলম্বিয়ার রক্ষণে ঝাঁপিয়ে পড়তে।
আক্রমণাত্মক ফুটবল খেলার একটা ইঙ্গিত এরই মধ্যে আর্জেন্টিনার উইঙ্গার আনহেল দি মারিয়া দিয়ে রেখেছেন।

“কলম্বিয়া এমন খেলা খেলে, যেটা আমাদের সাহায্য করতে পারে; … কারণ তারা (রক্ষণ থেকে) বেরিয়ে আসে খেলতে গিয়ে।”

পেকারমান এখন আরেকজন ধ্রুপদী খেলোয়াড়কে নিয়ে কাজ করছেন। অনেকেই মনে করেন, গত বিশ্বকাপে মেসির বদলে সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেসই সেরা খেলোয়াড় হতে পারতেন।

রদ্রিগেসও মনে করছেন, শেষ আটে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি রোমাঞ্চকর হবে।

“আমরা সবাই জানি, তাদের ভালো খেলোয়াড় আছে। কিন্তু আমি মনে করি, এটা সমানে সমান হতে যাচ্ছে। কারণ, কলম্বিয়াও খেলে; তাই এটা দারুণ একটি ম্যাচ হবে।”

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্টে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এর আগের আটবারের ছয়বারই জিতেছে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত