সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০১৫ ০৫:১২

আর্জেন্টিনার অপেক্ষা দীর্ঘায়িত করে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি

ডি মারিয়ার অভাব বেশ ভালোই টের পেয়েছে আর্জেন্টিনা আর পুরো ম্যাচে লিওনেল মেসি ছিলেন চরম নিষ্প্রভ। দলের সেরা খেলোয়াড়দের যখন এই হাল তখন পরাজয়ই হয়ে যায় ভবিতব্য। তবে ম্যাচের পুরো ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০মিনিট গোলশূন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে চিলি চ্যাম্পিয়ন হয়।

টাইব্রেকারে আর্জেন্টিনার হৃদয় ভেঙে ৯৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন আলেক্সি সানচেস, ক্লদিও ব্রাভোরা। কোপা আমেরিকার শিরোপা জিততে নিওনেল মেসির আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারায় তারা।

প্রথম পেনাল্টি কিকে মাথিয়াস ফার্নান্দেসের জোরাল শট ওপরের বাঁ কোনা নিয়ে জালে জড়ায়। আর্জেন্টিনার প্রথম পেনাল্টি ডান দিক দিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। আর্তুরো ভিদালের শটে হাত লাগিয়েও ফেরাতে পারেননি রোমেরো। হিগুয়াইনের পেনাল্টি কিক চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

আরানগিস তৃতীয় পেনাল্টি থেকে অনায়াসে গোল করেন। এভার বানেগার দুর্বল পেনাল্টি কিক ঠেকিয়ে দেন ব্রাভো। সানচেসের পরের পেনান্টি কিক বল জালে পৌঁছলে প্রথমবারের কোপা আমেরিকা জয় নিশ্চিত হয়ে যায় চিলির।

এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।সেমি-ফাইনালে প্যারাগুয়ের পরিণতি দেখে ভয় পায়নি চিলি; গ্যালারি ভরা ভক্তদের সমর্থন নিয়ে শুরু থেকে আর্জেন্টিনার ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা।

গতি দিয়ে আর্জেন্টিনাকে পরাস্ত করার পরিকল্পনা করে চিলি। তাদের আক্রমণগুলো গড়ে উঠে ডান দিক দিয়ে। মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দিদের চ্যালেঞ্জ জানিয়ে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের রক্ষণ সীমায় ঢুকে যাচ্ছিলেন স্বাগতিক খেলোয়াড়রা। কিন্তু ডি-বক্সে গিয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছিল এদুয়ার্দো ভারগাস, হোর্হে ভালদিভিয়া, আর্তুরো ভিদালদের। বেশিরভাগ শট লক্ষ্যে রাখতে পারেননি তারা।

১৯তম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মেসির শটে হেড করেছিলেন আগুয়েরো, বল জালে যাওয়ার মুহূর্তে স্বাগতিকদের বাঁচান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

সেমি-ফাইনালে জোড়া গোল করা আনহেল দি মারিয়াকে আধ ঘণ্টার মধ্যে হারায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া দি মারিয়ার জায়গায় নামেন এসেকিয়েল লাভেস্সি।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে একটি করে সুযোগ আসে চিলি-আর্জেন্টিনার সামনে। ডি-বক্স থেকে দুর্বল শট নিয়ে আলেক্সিস সানচেস দারুণ একটি আক্রমণ নষ্ট করেন। এর পরপরই ডি-বক্স থেকে লাভেস্সির জোরালো শট ঠেকান ব্রাভো।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলে শুরু থেকে। ৬৬তম মিনিটে পাল্টা-আক্রমণ থেকে সানচেসের নৈপুণ্যে আচমকাই সুযোগ আসে চিলির সামনে। ওতামেন্দিকে বোকা বানিয়ে ডি-বক্সে গোল করার মতো জায়গায় ভিদালকে বল পাঠান আর্সেনাল তারকা। শট নিয়েও ছিলেন ভিদাল কিন্তু পাবলো সাবালেতা এবার দলকে বাঁচান।

৮২তম মিনিটে দারুণ একটি সুযোগ আসে সানচেসের সামনে। অফ সাইড ফাঁদ ভেঙে তার ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে হাভিয়ের মাসচেরানোর ব্যর্থতায় চিলিকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান সানচেস। মাসচেরানো শট দিতে গিয়ে বলে পা ছোঁয়াতে না পারায় বল পান চিলির সবচেয়ে বড় তারকা। অনেকটা দৌড়ে গোল করার মতো জায়গা গিয়েও বাইরে মারেন তিনি।

বাকি সময়েও কোনো দলই গোল পায়নি, তাই টাইব্রেকারে গড়া খেলা। তাতে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক চিলি। বিশ্বকাপের পর এবার কোপার ফাইনালে হারল মেসিরা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের পর যেমন আর্জেন্টিনা আর বিশ্বকাপের দেখা পায়নি, একইভাবে তারা গত ২২ বছর ধরে কোপা আমেরিকার শিরোপার দেখা যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত