১০ জুলাই, ২০১৫ ১৮:২৬
কাগিসো রাবাদার হ্যাট্রিকের পর সৌম্য সরকারকে হারিয়ে প্রথম ওয়ানডেতে চাপে পড়েছে বাংলাদেশ।
৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২ রান। রাবাদার বলেই আউট হয়ে ফিরে গেছেন দারুণ শুরু করা সৌম্য সরকার। ব্যক্তিগত ২৭ রানে সহজ একটি ক্যাচ দিয়ে সৌম্যর বিদায়ে দারুণ বিপাকে পড়ে বাংলাদেশ। ক্রিজে আছেন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহমান ও সাকিব আল হাসান।
চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম ইকবাল (শূন্য)। পরের বলে ফারহাদ বেহারদিনকে ক্যাচ দেন লিটন দাস। পরের বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান রাবাদা।
বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ ও লেগ স্পিনার জুবায়ের হোসেন। প্রথম ম্যাচে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি আরাফাত সানি, রুবেল হোসেন ও এনামুল হকের।
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার একাদশে নেই অ্যারন ফাঙ্গিসো, ওয়েইন পার্নেল, মর্নে মরকেল ও রায়ান ম্যাকলারেন।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে।
প্রথম পাওয়ার প্লে হবে প্রথম ৮ ওভার। নবম থেকে ৩২তম ওভার পর্যন্ত সর্বোচ্চ চার জন ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে, শেষ ৮ ওভার সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যাবে।
আপনার মন্তব্য