১৯ জুলাই, ২০১৫ ২২:৫৮
হার দিয়েই জিম্বাবুয়ে সফর শেষ করেছে ভারত। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তারা হেরেছে ১০ রানে। এটা ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি জয়।
হারারের প্রথম টি-টোয়েন্টিতে ৫৬ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচের জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার জয়ের জন্য ১৪৬ রানের সাদামাটা লক্ষ্যে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৫ রান তোলে।
প্রথম ওভারেই রান আউট হয়ে যান অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে দ্বিতীয় উইকেটে রবিন উথাপ্পা আর মুরালি বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুতই পঞ্চাশ পার হয় ভারতের সংগ্রহ। ৬.১ ওভারে স্কোরবোর্ডে ৫৭ রান ওঠার পর গ্রায়েম ক্রেমারের বলে বোল্ড হন বিজয় (১৩)। একই ওভারের তৃতীয় বলে মনিশ পান্ডেকে রানের খাতা খোলার আগে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতকে বিপদের মুখে ঠেলে দেন ক্রেমার।
এরপর দ্রুত উথাপ্পা আর কেদার যাদব সাজঘরে ফিরলে ভারতের জয়ের আশা ফিকে হয়ে যায়। ফির ক্যাচ নিয়ে ৪২ রান করা উথাপ্পাকে ফেরান শন উইলিয়ামস আর রান আউট হন যাদব। নবম ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৯ রান।
বিপদে পড়া দলকে পঞ্চম উইকেট জুটিতে টেনে তোলেন স্টুয়ার্ট বিনি ও সঞ্জু স্যামসন। দুজনে মিলে ৩৬ রান তোলার পর বিচ্ছিন্ন হন। ২৩ বলে ২৪ রান করা বিনিকে চামু চিবাবার তালুবন্দি করেন ক্রেমার। এরপর স্যামসন (১৯) আউট হলে ভারতের জয়ের আশা বলতে গেলে শেষ হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য দরকারি ১৯ রান দলকে এনে দিতে পারেননি ভুবনেশ্বর-সন্দ্বীপরা। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ১৮ রানে তিন উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বোলার।
এর আগে টসে জিতে ব্যাটিং নেমে শুরুতে সুবিধে করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানেরা। সন্দ্বীপ শর্মার বলে হ্যামিল্টন মাসাকাদজা (১৯ রান) উইকেটের পেছনে উথাপ্পাকে ক্যাচ দিলে ২৮ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। দলীয় ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এবার সিকান্দার রাজাকে (৮) স্যামসনের ক্যাচে পরিণত করেন মোহিত শর্মা।
তৃতীয় উইকেট জুটিতে চিবাবা-উইলিয়ামস মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। কিন্তু ৩৭ রান তোলা এই জুটিকে বিচ্ছিন্ন করেন অক্ষর প্যাটেল; ফিরতে ক্যাচে উইলিয়ামসকে (১৭) ফেরান তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়েকে এগিয়ে নিতে থাকেন চিবাবা। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হওয়ার আগে সর্বোচ্চ ৬৭ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি; ৫১ বল স্থায়ী হওয়ার ইনিংসটি নয়টি চারে সাজান স্বাগতিক দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
শেষ দিকের ব্যাটসম্যানেরা ঝড়ো ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান তুলতে পারে জিম্বাবুয়ে। ভারতের ভুবনেশ্বর ও মোহিত দুটি করে উইকেট নেন।
আপনার মন্তব্য