সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২১ জুলাই, ২০১৫ ০১:২২

ফিফার প্রেসিডেন্ট নির্বাচন: তালিকায় আছেন প্লাতিনি, জিকো

আগামি বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ফিফার বিশেষ কংগ্রেসে সভাপতি নির্বাচন হবে এবং সে কংগ্রেসেই নির্ধারিত হবে কে হচ্ছেন বিশ্ব ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থায় সেফ ব্লাটারের উত্তরসূরি। তবে এখন পর্যন্ত সভাপতি হওয়ার দৌড়ে আছেন ফরাসি গ্রেট মিশেল প্লাতিনি আর ব্রাজিলিয়ান গ্রেট জিকো!

গত মে মাসের শেষের দিকে পঞ্চম মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। প্রথম দফা নির্বাচনের পর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন সরে দাঁড়ালে পুনর্নির্বাচিত হন ব্লাটার।

কিন্তু জয়ী হওয়ার চার দিন পরই ফিফায় দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। ব্লাটার গত ১৭ বছর ধরে সংস্থাটির সভাপতির পদে আছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময়ই ৭৯ বছর বয়সী ব্লাটার যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডাকার কথা বলেন। আগামী ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই বিশেষ কংগ্রেস বসার কথা ছিল।

২৯ মে ফিফার নির্বাচনের দুই দিন আগেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ।

গ্রেপ্তারের ওই ঘটনার পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।

সুইস ফেডারেল অফিস অব জাস্টিস সেসময় জানায়, ওই কর্মকর্তারা নব্বইয়ের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার ঘুষ হিসেবে নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত