২১ জুলাই, ২০১৫ ১৪:১৯
নতুন মৌসুম শুরু করার আগে বুধবার প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামীকাল আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ দিয়ে ফের মাঠে নামতে যাচ্ছে আগের মৌসুমে ট্রেবল জেতা কাতালানরা। তবে ছুটিতে থাকায় দলের দুই প্রধান তারকা লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে লুইস এনরিকের দল।
শিডিউল অনুযায়ী, আগামী ২২ জুলাই, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি, ২৫ জুলাই, শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড, ২৯ জুলাই, বুধবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি এবং ২ আগস্ট, রোববার ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
মূলত ইউরোপিয়ান ক্লাবগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ফান্ড গঠনের লক্ষ্যে বড় বড় ক্লাবগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়ে থাকে। এতে করে ক্লাবগুলো মোটা অঙ্কের অর্থ আয় করে থাকে। তবে মেসি ও নেইমার না থাকায় কিছুটা আলো কমতে পারে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের।
ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটানোর পর বার্সেলোনার কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছেন লিওনেল মেসি। ছুটি শেষে আগামী ৩ আগস্ট দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
মেসি না থাকলেও যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা নেইমারের খেলা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু এই ব্রাজিলিয়ান সুপারস্টার তার ছুটির মেয়াদ আরো বাড়িয়ে নেয়ায় দর্শকদের হতাশ হতে হয়।
আপনার মন্তব্য