সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০১৫ ২০:১২

বাংলাদেশ নিয়ে টুইট : ‘বড় জোকার’ সাজলেন মোহাম্মদ হাফিজ!

সাম্প্রতিক ক্রিকেটের বিভিন্ন দলের পারফরম্যান্সের গ্রাফ, আর আইসিসির ওয়ানডে র‍্যাংকিং সম্পর্কে ধারণা না থাকা সদ্য আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং থেকে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজের এক টুইটার বার্তা নিয়ে হাস্যরস চলছে টুইটারে। টুইটার ব্যবহারকারীরা এ কারণে হাফিজকে আবার 'বড় জোকার' অভিহিত করতেও ছাড়েননি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান স্কোয়াডের সদস্য মোহাম্মদ হাফিজ হাস্যরসের উদ্রেককারী সে টুইটার বার্তায় লিখেন-‘চ্যাম্পিয়নস ট্রফিতে আসলে নয়টি দল থাকা উচিত। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে আমাদের বাহবা দিতেই হবে।’

জবাবে রিটুইট করে অনেকেই এর সমালোচনা আর তাকে বিদ্রুপের পাত্র করতে ছাড়েননি। এ দলে যোগ দিয়েছেন খোদ অনেক পাকিস্তানিই।

‘নিজেদের অবস্থাই বেহাল, আর ভাবছো বাংলাদেশ নিয়ে’ (খুদ কা হালাত টাইট হ্যায়, অউর বাংলাদেশ কো সোচ রাহে হো’)। বাংলাদেশ দল নিয়ে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের একটি বিভ্রান্তিকর টুইটের এমনই রিটুইট করলেন মেরিন নামে এক টুইটার ব্যবহারকারী।

বাংলাদেশ দল যেখানে অনেক আগেই কোনো ধরনের সমীকরণ-ছক ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে ফেলেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিয়ে খোদ পাকিস্তানকেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করতে হচ্ছে, সঙ্গে কষতে হচ্ছে অনেক ষড়যন্ত্রের ছকও, সে বিবেচনায় হাফিজের এই টুইট টাইগার ক্রিকেটপ্রেমীদের কাছে তো বটেই, বিভ্রান্তিকর হাফিজের ঘরের সমর্থকদের কাছেও।

যেমন টুইটের মর্মার্থ বুঝতে না পেরে তিনবার ‘কিন্তু’ বলে হাফিজকে বাংলাদেশের অবস্থান স্মরণ করিয়ে দিলেন নিমরা ইশতিয়াক নামে করাচির এক টুইটার ব্যবহারকারী; ‘কিন্তু কিন্তু কিন্তু বাংলাদেশ তো এরই মধ্যে জায়গা করে নিয়েছে।’

‘অষ্টম স্থানের জন্য লড়াই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের- বাংলাদেশের নয়।’ বলে হাফিজকে টাইগারদের অবস্থান পরিষ্কার করে দিলেন করাচিরই আরেক টুইটার ব্যবহারকারী নিহা ডি।

আবার র‍্যাংকিংয়ের নয় থেকে ‍আটে উঠেই হাফিজকে আকাশ ছুঁয়ে ফেলতে বারণ করছেন এমহাফিজ২২ নামে আরেক টুইটার ব্যবহারকারী। তিনি বলছেন; ‘বাংলাদেশ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে। পাকিস্তানকে অবশ্যই পঞ্চম ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে) জিততে হবে। র‍্যাংকিংয়ের হিসাব মতে লড়াইটা পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজেরই।’

আহাদ হোসাইন নামে এক টুইটার ব্যবহারকারী তো আইন ভাঙার দায়ে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজকে ‘নিজের হাতে তেল দেওয়ার’ পরামর্শও দিয়ে দিলেন। আহাদের রিটুইট; ‘লজ্জা করে না তোমার... আগে নিজের হাতে তেল দাও, অন্তত আইন না ভেঙে বলটা করতে শেখো’।

হাসান সুরুজ নামে এক বাংলাদেশি টুইটার ব্যবহারকারী অবশ্য ‍আরও একধাপ এগিয়ে হাফিজকে রিটুইট করেছেন এভাবে; ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাতটি দল থাকা উচিত। কারণ পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে’।

আবার হাফিজের এ টুইটকে ‘অনর্থক’ বলে দিতেও ছাড়ছেন না ফয়সালাবাদের সানা জাবেদের মতো ক্রিকেটভক্তরা। এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য হাফিজকে ‘বড় জোকার’ বলতেও ছাড়ছেন না মিরপুরের ইনতিসার কবিরের মতো টাইগারপ্রেমীরা।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা বাংলাদেশ দল ৯৬ পয়েন্ট নিয়ে নির্ভার হয়ে অবস্থান করছে র‍্যাংকিংয়ের সাত নম্বরে। ছয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে টাইগারদের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র দুই। আর টাইগারদের চেয়ে ছয় পয়েন্ট কম ৯০ নিয়ে আটে আছে পাকিস্তান।

পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরুর আগেও ওয়েস্ট ইন্ডিজ ৮৮ পয়েন্ট নিয়ে আটে থাকলেও এখন তারা নয়ে নেমে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে। র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল নিয়ে ইংল্যান্ডে হবে বিশ্বকাপের পর ওয়ানডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত