সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০১৫ ০৩:২৮

অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের সম্ভাবনা!

তবে কি অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ? এখনও নিশ্চিত না কিছুই, তবে সম্ভাবনার কথাই শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

এ বছর সেপ্টেম্বরের শেষদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে; কিন্তু তারা শুধু দুটি টেস্ট খেলবে। আর আগামি ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের কোন ওয়ানডে সিরিজ নেই বলেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে সিরিজের প্রস্তাব দিচ্ছেন পাপন।

আশার কথা হচ্ছে, দুটি টেস্টের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙার সঙ্গে এ কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগস্টে দুবাইয়ে আইসিসির বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ প্রস্তাব দেবে বিসিবি। নাজমুল হাসান বলেন, 'আমরা আসলে এখানে বসে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না।

আগামী মাসে দুবাইয়ে আইসিসির বৈঠক আছে। সেখানে আমরা তাদের সঙ্গে (ক্রিকেট অস্ট্রেলিয়া) দ্বিপক্ষীয় সিরিজটি নিয়ে আলোচনা করব। সেখানে ওয়ানডে সিরিজের বিষয়টি নিয়েও আলোচনার সুযোগ আছে আমাদের সামনে।'

আগে এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখভাল করত আইসিসি। এখন নিয়ম পুরো বদলে গেছে। বর্তমানে বিষয়টি দুই বোর্ডের এখতিয়ারে। তাই দুই বোর্ড সম্মত হলে ওয়ানডে সিরিজে আর কোনো বাধা থাকবে না।

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। ওই বছর এপ্রিলের সেই সফরে তিনটি ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া। সে সময়ের পাওনা দুটি টেস্ট খেলতেই চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

বিসিবি সভাপতির প্রত্যাশা, ওয়ানডে খেলার প্রস্তাবে রাজি হতে পারে অস্ট্রেলিয়া, 'যেহেতু দুটি টেস্ট আছে, তাই আমার মনে হয় ওয়ানডে সিরিজের জন্য তাদের রাজি করানো খুব একটা কঠিন হবে না। তবে সেখানে মূল সমস্যা হয়ে দাঁড়াতে পারে সময়। যেমন, আমরা তাদের ওয়ানডে সিরিজ খেলার কথা বললাম, কিন্তু তাদের হাতে খেলার মতো ফ্রি সময় থাকল না, তাহলে তো হবে না।

যদি তাদের ওই সময় কোনো খেলার সূচি না থাকে তাহলে ওয়ানডে সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি। আর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। তাই আশা করছি, আমাদের প্রস্তাবে তারা রাজি হবে।'

অস্ট্রেলিয়ানদের রাজি হওয়ার পেছনে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলবে, 'অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো সব সময়ই আমাদের ক্রিকেট উন্নয়নে পাশে ছিল। এখনও তারা আমাদের পাশে আছে। কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেছে। অতীতে তারা আমাদের সঙ্গে খেলত অনেকটা অনুগ্রহ করে, আমাদের ক্রিকেট উন্নয়নের জন্য। এখন কিন্তু আমাদের ক্রিকেট আগের অবস্থানে নেই। এখন আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করছি, নিয়মিত তাদের হারাচ্ছি। তাই এখন আমরা খেলার এমন দাবি করতেই পারি।'

আপনার মন্তব্য

আলোচিত