৩০ জুলাই, ২০১৫ ০০:৪১
সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমই আভাসটা দিয়েছেন। পরিবর্তন আসছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২য় টেস্টের একাদশে। তবে পরিবর্তনটি কে, সেটি খোলাসা করেননি অধিনায়ক। ফলে দেখা দিয়েছে জল্পনা।
আজ সকালে চূড়ান্ত হবে একাদশ। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সৌম্য না নাসিরের মধ্য থেকে একজন ঢুকতে পারেন ২য় টেস্টের একাদশে। সে ক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে পারেন তাইজুল ইসলাম।
নাসির নাকি সৌম্য সরকার—এই দোদুল্যমানতার কারণেই নাকি এখনো নিশ্চিত হয়নি একাদশ। আজ টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমাদের যেহেতু পাঁচজন স্পিনার আছেই, সে দিক দিয়ে চিন্তা করলে একজন পেসার বা একজন ব্যাটসম্যান সেরা একাদশে ঢুকেও যেতে পারে।’
ওয়ানডে সিরিজে দারুণ খেলা সৌম্যকে প্রথম টেস্টে না খেলানো নিয়েই দেখা দিয়েছিলো বিতর্ক। এমন ফার্মা থাকা একজনকে বাদ দেওয়ার জন্য টিম কম্বিনেশনের দোহাই দিয়েছিলো ম্যানেজমেন্ট। তবু বিতর্ক ছাড়ে নি।
দারুণ ছন্দে আছেন নাসিরও। সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছন নাসির। নাসিরের বাড়তি সুবিধা তার বোলিং। এককালের ফিনিশার পরিচয়ে খ্যাত নাসির এখন পুরোদস্তুর বোলার হয়ে উঠেছেন। একারণে একবছল পর টেস্ট দলে ফেরার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে নাসিরের।
সর্বশেষ চার ইনিংসে ২ উইকেট নেওয়া তাইজুলের বদলি হিসেবে সৌম্য বা নাসিরকে দলে দেখা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আরেকটি কারণে। বাংলাদেশের সামনে টেস্ট সিরিজটা ড্র করার সুবর্ণ সুযোগ। টেস্টের এক নম্বর দলের বিপক্ষে সিরিজ ড্র করাতে পারলে রেটিং পয়েন্ট বেড়ে হয়ে যাবে ৪৭। এই সিরিজের আগে যেটি ছিল ৪১। বাংলাদেশ তাই আবারও আট ব্যাটসম্যানের দিকে ঝুঁকে পড়তে পারে।
সে ক্ষেত্রে ওয়ানডের সিরিজ সেরা সৌম্যই হয়তো ভালো বিকল্প হতেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট করে দেওয়া বাংলাদেশ বোলিংয়েও ভারসাম্য হারাতে চায় না।
এ কারণেই সৌম্যর বদলে নাসিরের ভালো সুযোগ আছে। কিন্তু ওই ভারসাম্যের প্রশ্নেই ‘খারাপ করলেই ছেঁটে ফেলো’ নীতির বিপক্ষে টিম ম্যানেজমেন্টের একটি অংশ। দ্রুত তরবারির কোপ দেওয়ার বদলে সুযোগ দিয়ে আস্থা তৈরি করাটাই ভালো ফল দেয়, তার প্রমাণ নিকট অতীত মাহমুদউল্লাহ-তামিমরাই দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ১০ উইকেট নেওয়া তাইজুলকে তাই আস্থার সংকটে না ফেলারও পক্ষে।
তবে র্যাঙ্কিংয়ের সমীকরণটাই শেষ পর্যন্ত একাদশে ঢুকিয়ে দিতে পারে নাসির কিংবা সৌম্যকে!
আপনার মন্তব্য