সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১২:০৬

‘অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সুযোগ’

বাংলাদেশ সফরের জন্যে অস্ট্রেলিয়া দল ঘোষণার পর মুশফিকুর রহিম মনে করছেন, অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সুযোগ, এবারের চেয়ে বড় সুযোগ আর হয় না।

তবে অনভিজ্ঞ অস্ট্রেলিয়া দলও যে সহজ হবে না, সেটা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

২ টেস্টের সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। কদিন আগে কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, এই সিরিজে এমন কিছু করতে পারে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে যা করতে পারেনি আগে কখনোই।

মুশফিকুর রহিমের কণ্ঠেও সেই একই সুর। সোমবার শের-ই-বাংলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক কণ্ঠ মেলালেন কোচের সঙ্গে।

"অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না। অবশ্যই চেষ্টা করব দুটি টেস্টে আমাদের শতভাগ দেওয়ার। সত্যি বলতে, চেষ্টা করব শতভাগের বেশি দেওয়ার।"

সোমবার বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শের-ই-বাংলায় অনুশীলনে আসার আগেই প্রতিপক্ষের দল ঘোষণার খবরটি পেয়েছিলেন মুশফিক। উসমান খাজা, জো বার্নস, গ্লেন ম্যাক্সওয়েলরা ফিরেছেন।

অস্ট্রেলিয়ার দলটি খুব একটা চমকে দেয়নি মুশফিককে। তবে অস্ট্রেলিয়াকে যে সহজ ভাবে নেওয়ার সুযোগ নেই, সেটাও মনে করিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

"দলটা প্রত্যাশিতই। জনসন আর হেইজেলউডের তো বিশ্রাম পাওয়ারই কথা। আমাদের যা অনুমান ছিল, তাদের প্রায় সবাই আসছে। দুজন নতুন ক্রিকেটার (ক্যামেরন ব্যানক্রফট ও অ্যান্ড্রু ফেকেটে) আছেন, ওদের সম্পর্কে তেমন ধারণা নেই। তবে এখনও অনেক সময় আছে, আমরা জেনে নেব। যদিও তরুণ দল, কিন্তু দলটি অস্ট্রেলিয়া। আমাদের সেটি ভুলে গেলে চলবে না।"

আপনার মন্তব্য

আলোচিত