২২ মে, ২০২০ ০১:১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (২২ মে) থেকে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত ৫ দিন জরুরি সেবা ছাড়া রোগী ভর্তিসহ হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন মেডিকেল অফিসার এবং একজন ওয়ার্ডবয় করোনা পজিটিভ শনাক্ত হওয়ার কারণে বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি জরুরি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বড়লেখা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকের করোনা (কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়। এর আগে ওই হাসপাতালের এক ওয়ার্ড বয়ের (৩৫) দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ব্যতীত ইনডোর, আউটডোরসহ (রুগী ভর্তিসহ) সকল কার্যক্রম আগামী ২৬ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি বিভাগের কার্যক্রম চলমান থাকবে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল জীবানুমুক্ত করার জন্য ৫ দিন জরুরী সেবা ছাড়া রোগী ভর্তিসহ হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ থাকবে। ৩ জন চিকিৎসক ও একজন ওয়ার্ডবয় আক্রান্ত হওয়ায় উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় জরুরি এ সিদ্ধান্ত নেওয়া হয়।'
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালের চিকিৎসকসহ ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ জন্য জরুরী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরী সেবা চালু থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, এ নিয়ে বড়লেখায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে প্রথম আক্রান্ত এক ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। বাকি দুই রোগী বাড়িতে আইসোলেশনে আছেন। তারাও সুস্থ হওয়ার পথে।
আপনার মন্তব্য