নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২০ ০১:২৪

প্রয়াত শিক্ষক রফিকুল ইসলাম সেলিমের পরিবারের পাশে সাবেক শিক্ষার্থীরা

সিলেটের বিয়ানীবাজারের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) প্রয়াত সহকারী শিক্ষক রফিকুল ইসলাম সেলিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) সিলেট থেকে ময়মনসিংহ গিয়ে এই আর্থিক সহায়তার চেক প্রদান করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম হাই স্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জিয়াউল বারী চৌধুরী, পরিচালনা পরিষদের সাবেক সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ আল মামুনসহ প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

চেক প্রদানকালে রফিকুল ইসলাম সেলিমের পরিবারের সদস্যরা ছাড়াও ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাড়ুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়াসহ এলাকার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ জুলাই মারা যান ডিএম হাইস্কুলের শরীরচর্চা বিষয়ক শিক্ষক রফিকুল ইসলাম সেলিম। তার মৃত্যুর পর বিদ্যালয়ের বিভিন্ন বর্ষের এসএসসি ব্যাচ এই শিক্ষকের পরিবারকে আর্থিক সহায়তা দেয়।

বিদ্যালয়ের ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০৪, ২০০৫, ২০০৯ এবং ২০১০ এসএসসি ব্যাচের শিক্ষার্থী, আলীনগর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকে, আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে, ডিএম হাইস্কুল রি-ইউনিয়ন ইউকের আর্থিক সহায়তার ১২ লক্ষ টাকার সর্বশেষ ধাপ প্রয়াত এই শিক্ষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের এই টাকা থেকে প্রথম দফায় সাত লক্ষ টাকা দিয়ে তার পরিবারের সদস্যদের জন্যে বসতঘর নির্মাণ করে দেওয়া হয়। অবশিষ্ট ৫ লক্ষ টাকার চেক তার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্যে প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত