১৬ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪৫
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে সিলেট নগরের পাইকারী বাজার কালীঘাটে তিন প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজারে এ অভিযান চলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় নগরের পাইকারী বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ও বিক্রিয় রশিদ সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কালীঘাটের হেলাল স্টোরকে ৪ হাজার টাকা, দৌলা স্টোরকে ৫ হাজার টাকা, এবং মিনার স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের ৫৫ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়। এছাড়াও রসুন, ডাল, আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি না করার বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অভিযান চলাকালে বেশিরভাগ ব্যবসায়ীরাই পেঁয়াজ ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেননি। তবে তাদের দাবি, তারা কমিশন এজেন্ট হিসেবে পেঁয়াজ বিক্রি করেন এবং বেপারীরা মৌখিকভাবে এই দাম নির্ধারণ করে দেন। বেপারীদের নির্ধারণ করা দামেই তাদের (ব্যবসায়ীদের) বিক্রি করতে হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও শ্যমল পুরকায়স্থ। তাদের সহযোগিতা করেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ও সিলেট জেলা ক্যাব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযান চলাকালে ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতাদের সচেতন করতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে প্রতিদিন খুচরা ও পাইকারী বাজারসমূহে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য