২৫ অক্টোবর, ২০১৫ ১৩:১৪
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়েছে। আজ (রােববার) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে দুই পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়।
এরআগে সকাল পৌনে ১২ টায় মামলার প্রধান আসামী কামরুল ইসলামসহ ১১ আসামীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। আজ যুক্তি তর্ক উপস্থাপন ছাড়াও আসামীপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ করবেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।
রাজনের বাবার নিযুক্ত আইনজীবী এডভোকেট শওকত হোসেন চৌধুরী বলেন, আজ মামলাটির রায়ের তারিখ নির্ধারিত হতে পারে।
গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে রাজন হত্যা মামলার বিচার কাজ শুরু হয়।
প্রধান আসামী কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার মামলার ১১ সাক্ষী পুনরায় সাক্ষ্য প্রদান করেন।
এরআগে ১ থেকে ১৮ অক্টোবর রাজন হত্যা মামলা ৩৬ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন আদালত। ১ থেকে ১৫ অক্টোবর ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ পর্যন্ত পলাতক ছিলেন কামরুল। ১৫ অক্টোবর সৌদি থেকে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করে পুলিশ। ১৬ অক্টোবর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। ১৮ অক্টোবর মামলার শেষ সাক্ষ্যগ্রহণের দিন প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় কামরুলকে।
ওইদিন কামরুলের আইনজীবী তার (কামরুলের) উপস্থিতিতে পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন করেন। আদালত এই আবেদন নামঞ্জুর করেন। পরে ২ অক্টোবর আসামীদের আত্মপক্ষ সমর্থনের দিন কামরুলের আইনজীবী ১৫ সাক্ষীকে জেরা করার পুনঃআবেদন করেন। বিচারক ১১ সাক্ষীকে জেরার অনুমতি দেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। হত্যার পরই সৌদিতে পালিয়ে যান প্রধান আসামি কামরুল। এই মামলায় কামরুল ছাড়া আরো ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কাজ চলছে। এরমধ্যে কামরুলের ভাই শামীম আহমদ ও দিরাইর জাকির হোসেন পাভেল ওরফে রাজু এখনও পলাতক।
আপনার মন্তব্য