নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২১ ১১:৪৭

ইসলাম ধর্ম অবমাননা মামলায় যুবক গ্রেপ্তার

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননায় মামলায় সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে মোগলবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে আলমপুরের নিজ বাড়ি থেকে দিপংকর পাল (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে আনে পুলিশ। এসময় তার ব্যবহৃত ল্যাপটপ এবং কিছু বইও জব্দ করে আনে পুলিশ।

এরআগে বৃহস্পতিবার দিনে দিপংকর পালের বিরুদ্ধে ধর্ম আবমাননার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম।

মামলার এজাহারে আবুল কালাম উল্লেখ করেন, দিপংকর পাল একজন উগ্র হিন্দু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সে প্রায়ই ইসলাম ধর্ম ও মহানবীকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়। গত বুধবার (৬ জানুয়ারি) এরকম সে ফেসবুকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট দেয়। এরফলে এলাকার মুসলমান সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এলাকার শান্তিশৃঙ্খলা ও সম্প্রতি রক্ষায় এবং ধর্ম অবমানাকারী দিপংকর পালের যথাযথ শাস্তি নিশ্চিতে থানায় এ অভিযোগ করেন বলে জানান আবুল কালাম।

দিপংকর পালকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেটের মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে আসামির বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তার করে আনা হয়। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি বলেন, আসামির ফেসবুক পোস্টকে ঘিরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত