সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৫ ২০:৫৯

সিলেটে স্কাই মিনি ম্যারাথন শুক্রবার, উৎসবের আমেজ

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত ম্যারাথন নিয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এভারেস্ট একাডেমির উদ্যোগে ও যুগান্তর স্বজন সমাবেশ সিলেটের সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কাই মিনি ম্যারাথন। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রবীণ ক্রীড়াবিদ রণজিৎ দাস। আয়োজকরা জানান, দেশ স্বাধীনের পর এমন বড় পরিসরে ম্যারাথন সিলেটে অনুষ্ঠিত হয়নি।

বিভিন্ন বয়স ও পেশার তিন শতাধিক প্রতিযোগি ইতোমধ্যে ম্যারাথনে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি ও নর্থ-ইস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও ব্যাংকার, শিক্ষক, ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।

শুক্রবার সকাল সাতটায় শুরু হবে এই ম্যারাথন। নয় কিলোমিটারের এই স্কাই মিনি ম্যারাথন এক ঘণ্টা ১৫ মিনিটে শেষ করতে হবে। সফলভাবে সম্পন্নকারীদের সনদ, প্রথম দশ জনকে মেডেল এবং প্রথম তিনজনকে ট্রফি প্রদান করা হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের শহরতলীর বিভাগীয় স্টেডিয়ামে শুক্রবার সকাল ৬টার মধ্যে উপস্থিত হয়ে টি-শার্ট ও দৌড়ের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

শহরতলীর বিভাগীয় স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে নগরীর আম্বরখানা পয়েন্ট, শাহী ঈদগাহ, কাজীটুলা, নয়াসড়ক, চৌহাট্টা, রিকাবীবাজার, শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট, ক্বীন ব্রীজ মোড়, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে, লামাবাজার হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে সম্পন্ন হবে। এরমধ্যে শাহী ঈদগাহ, চৌহাট্টা ও শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে দৌড়বিদদের জন্য পানির ব্যবস্থা থাকবে এবং পুরো আয়োজনে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ দুটি অ্যাম্বুলেন্স থাকবে।

ম্যারাথনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে ব্যস্ত সময় কাটাচ্ছেন যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা। দফায় দফায় চলছে বৈঠক। বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এভারেস্ট একাডেমীর চেয়ারম্যান বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহিমের উপস্থিতিতে যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা একাধিক প্রস্তুতি সভা করেন। যুগান্তর সিলেটের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, স্বজন সমাবেশ সিলেটের বিভাগীয় সমন্বয়ক প্রভাষক প্রণবকান্তি দেব এর সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ম্যারাথনকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, সিলেট সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট, ডায়াবেটিক হাসপাতাল ও মিলাদ ড্রিংকিং ওয়াটার। ম্যারাথনের প্রচারণায় নগরীর ছয়টি জনবহুল পয়েন্টে বসানো হয়েছে সুদৃশ্য তোরণ। সময় যত ঘনিয়ে আসছে ততই ম্যারাথনে অংশ নেয়ার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তবে বুধবার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত