বিয়ানীবাজার সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০১৫ ১৪:০৬

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

এই খবর নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ।

বেশ কিছুদিন থেকে এই দুটি গ্রুপের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে পাবেল গ্রুপের জুয়েল (২৪), নাঈম (১৮) এবং কলেজ ছাত্র সাইফুর (১৮) ও বায়েজিদকে (১৮) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া কলেজের আরো তিন ছাত্র ও তিন ছাত্রীও আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পল্লব গ্রুপের উজ্জ্বল নামের এক কর্মীকে কলেজ ক্যাম্পাসে মারধর করেন পাবেল গ্রুপের কর্মীরা। এরই জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে পল্লব গ্রুপের নেতাকর্মীরা পাবেল গ্রুপের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বেধে গেলে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

হামলাকারীরা এ সময় কলেজ ভবনের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ  বলেন,  ওসি (তদন্ত) বদরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। 

 

আপনার মন্তব্য

আলোচিত