সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০২১ ০২:৩২

বৃষ্টি ‘বাড়বে’ সিলেটে

মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, “ঢাকা ও এর আশেপাশে এখন এই এক পশলা বৃষ্টি, এই রোদেলা আবহাওয়া থাকবে; যে কোনো জায়গায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

“বর্ষার এমন সময়ে ঢাকার বাইরে বৃষ্টিও বাড়বে কয়েকদিন পর। ৯ জুলাইয়ের পর রাজধানীতে বৃষ্টির প্রবণতা কমবে।”

তবে আষাঢ়ের শেষ সময়ে রংপুর ও সিলেট অঞ্চলে তুলনামুলক বেশি বৃষ্টিপাত হবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,  ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম  ও সিলেট  বিভাগের কিছু কিছু জায়গায়  অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত