কুলাউড়া প্রতিনিধি

১০ জুলাই, ২০২১ ২৩:১৭

ছিন্নমূল পথশিশু ও বয়োবৃদ্ধরা প্রতিদিন পাবেন একবেলার খাবার

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিদিন ছিন্নমূল পথশিশু ও বয়োবৃদ্ধরা পাবেন এক বেলা করে আহার। ‘উন্দাল’ (রান্নাঘর) নামে অমর্ত্য ফাউন্ডেশনের এমন উদ্যোগে প্রতিদিন দুপুরের খাবার খেতে পারবেন ক্ষুধার্ত মানুষ।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের রেলওয়ে ক্রিকেট ক্লাবের এ কার্যক্রম শুরু হয়।
প্রথমদিন প্রায় ৩৫ জন ছিন্নমূল পথশিশু ও বয়োবৃদ্ধ খিচুড়ি খেয়েছেন।

২য় দিন শনিবার দুপুরেও প্রায় ৩০ জন ছিন্নমূল মানুষ খাবার খেয়েছেন।

অমর্ত্য ফাউন্ডেশনের উদ্যোগে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন’ এর বাস্তবায়নে ‘উন্দালে’র একবেলা আহারের কার্যক্রম প্রতিদিন চলবে।

অমর্ত্য ফাউন্ডেশনের কুলাউড়ার সমন্বয়ক সঞ্জয় দেবনাথ ও ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান চৌধুরী জানান, লকডাউনে ছিন্নমূল ও অসহায় বয়স্ক এবং পথশিশুরা খাবারের জন্য বিপাকে পড়েছেন। ক্ষুধার্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অমর্ত্য ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী। ফাউন্ডেশনের ‘উন্দাল’ নামে এমন উদ্যোগের প্রতিদিন খাবার পাবেন এসব ক্ষুধার্ত মানুষ।

কুলাউড়ার সমন্বয়ক সঞ্জয় দেবনাথ জানান, অমর্ত্য ফাউন্ডেশনের সিলেটের আঞ্চলিক নাম ‘উন্দাল’ (রান্না ঘর) এর মাধ্যমে প্রতিদিন দুপুরে ছিন্নমূল মানুষকে খাওয়ানো হবে। ‘উন্দালের’ দুপুরের আয়োজনে একদিন খিচুড়ী ও একদিন বিরিয়ানী এবং ভাত তরকারী তৈরী করা হবে। প্রতিদিন রেলওয়ে ক্রিকেট ক্লাব ঘরে এই আয়োজন চালু থাকবে। স্থানীয় পথশিশু ও বয়োবৃদ্ধরা এখানে এসে খেতে পারবেন। আর কার্যক্রম বাস্তবায়ন করবেন ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনে’র নেতৃবৃন্দ ও সদস্যরা।

কার্যক্রমের শুরুর দিন উপস্থিত ছিলেন অমর্ত্য ফাউন্ডেশনের কুলাউড়ার সমন্বয়ক সঞ্জয় দেবনাথ, ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনে’র প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান চৌধুরী, পৌরসভার স্থানীয় মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, গণমাধ্যমকর্মী আলাউদ্দিন কবির এবং নাজমুল বারীসহ ‘নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনে’র সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত