স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৬ ০৫:৪৩

ইতিহাস গড়ে নকআউট পর্বে আইভরি কোস্ট

বিশ্বকাপ ফুটবল ২০২৬

ইতিহাস লিখল আইভরি কোস্ট। কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

বৃহস্পতিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আইভরি কোস্ট। সেই চাপের ফল আসে দ্রুতই।

ম্যাচের সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। কুরাসাওয়ের রক্ষণভাগের ভুলে বক্সের ভেতর বল পেয়ে সহজ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ডিফেন্ডারদের দুর্বল ক্লিয়ারেন্সই গোলের পথ তৈরি করে দেয় তার জন্য। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আইভরি কোস্ট।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি আফ্রিকানরা। ম্যাচের ৬৪তম মিনিটে আবারও জ্বলে ওঠেন পেপে। ইব্রাহিম সাঙ্গারের নিখুঁত পাস থেকে দারুণ এক কার্লিং শটে বল পাঠিয়ে দেন জালে, ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুটি গোলেই ভর করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স অথবা নরওয়েকে পাবে তারা।

গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। আইভরি কোস্ট রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট নিশ্চিত করেছে ইকুয়েডর। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে কুরাসাও।

আপনার মন্তব্য

আলোচিত