নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২১ ১৪:৪১

নগরের সড়কে যানবাহনের চাপ, চলছে দূরপাল্লার বাস

ঈদুল আযহা উপলক্ষে বিধিনিষেধ শিথিলের প্রথম দিন চলছে। প্রথম দিন বৃহস্পতিবারে (১৫ জুলাই) সিলেট নগরের সড়কগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। শুরু হয়েছে গণপরিবহনের চলাচল। এদিকে নগরের প্রধান সড়কগুলোতে প্রাইভেটকার ও রিকশার বেশ চাপ ছিল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরের মদিনামার্কেট, আম্বরখানা, চৌহাট্টা, রিকাববাজার, বন্দরবাজার (কোর্টপয়েন্ট), তালতলা, মধুবন মার্কেট পয়েন্ট, সুবহানিঘাট, জিন্দাবাজার, শিবগঞ্জ ও টিলাগড়  এলাকা সরেজমিনে ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।

এদিকে সিলেট জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরুসহ যাত্রী পরিবহণ শুরু করেছে দূরপাল্লার বাসগুলো। সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে গিয়ে দেখা গেছে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। একইসাথে অভ্যন্তরীণ রুটের বাসগুলোও ছেড়ে যায় নিজ নিজ গন্তব্যে।

বাসচালক ও চালকের সহকারীরা জানিয়েছেন, কোম্পানিগুলো শিথিলতার শুরুর দিনে অল্প পরিবহন সড়কে নামান। তবে শুক্রবার (১৬ জুলাই) থেকে আরও বেশি বাসের উপস্থিতি সড়কে দেখা যাওয়ার আভাস দেন তারা। আর সড়কে গণপরিবহন চলাচল করায় সাধারণ মানুষদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চলমান বিধিনিষেধ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) আদেশ জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বলে জানানো হয় মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে। এ সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বাস, ট্রেন, নৌযানসহ চলাচল শুরু হয়েছে।  



 


আপনার মন্তব্য

আলোচিত