নবীগঞ্জ প্রতিনিধি

১৮ জুলাই, ২০২১ ০১:৪১

নবীগঞ্জে খেলনা পিস্তলসহ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে আমীর হামজা (২১) নামে এক ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার নিকট থেকে পুলিশের ৩টি পরিচয়পত্র (ভুয়া), পুলিশের পোষাক, দুটি খেলনা পিস্তল ও বেল্ট উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর শহরের খালেক মঞ্জিল জিম সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমীর হামজা সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমীর হামজা নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাস করছিল। সে কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় কখনো পুলিশ, কখনো সিআইডি, ডিবি পুলিশ এবং কখনো সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়ভাবে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর তার ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি জিম সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে পুলিশের (ভুয়া) তিনটি পরিচয়পত্র পাওয়া যায়। পরে তাকে সাথে নিয়ে তার বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পুলিশের একটি পোষাক, দুটি খেলনা পিস্তল ও বেল্ট উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘গ্রেপ্তার যুবক বেশ কিছুদিন ধরে নিজেকে কখনো পুলিশ, কখনো ডিবি, আবার কখনো সিআইডি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিল। সে খেলনা পিস্তল দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করত। স্থানীয়ভাবে খবর পাই। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত