বড়লেখা প্রতিনিধি:

০৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৯

২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার মানুষও এই সুবিধা পাচ্ছে। শেখ হাসিনা না হলে ১০০ বছরেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাত না। বিএনপির আমলে বিদ্যুৎ উৎপাদন হত মাত্র ৩২০০ মেগাওয়াট। মানুষ ঠিকমতো বিদ্যুৎ সুবিধা পেতো না। বর্তমানে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা চাহিদার থেকে ৪ হাজার বেশি।’

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উন্নয়ন (রাজস্ব উন্নয়ন প্রকল্প) প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন বেড়ছে। আগামী ২০৩০ সালে ৪০ হাজার এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশে অনেকগুলো বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় ব্যাপক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি যে, যে দল করুক না কেনো তা স্বীকার করতে বাধ্য। এত উন্নয়ন হবে কেউ কোনো দিনও চিন্তা করতে পারেনি। এটা একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, সহকারী শিক্ষক তারেক আজিজ ও বেলাল আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজির উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসুক আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত