বানিয়াচং প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৫

বানিয়াচংয়ে প্রাইভেটকার খাদে পড়ে নারী নিহত, আহত ৩

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাকন দাস (২১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

শনিবার (১১সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় সুনারু গ্রামের ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বানিয়াচং উপজেলার ১০নং ইউনিয়নের সুনারু গ্রামের মতি লাল দাস স্বপরিবারের প্রাইভেটকারযোগে শ্রীমঙ্গল থেকে গ্রামের বাড়ি সুনারুতে একটি পূজোয় অংশ নিতে আসছিলেন। এসময় ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ডুবে যায় তাদের বহনকারী প্রাইভেটকারটি। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মতি লাল দাসের কন্যা কাকন দাসের (২১) মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া প্রাইভেটকারে থাকা একই পরিবারের আরও ৩ সদস্য আহত হন। আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)।

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস ও  থানার পুলিশের নেতৃত্বে একটি দল এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহদের মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত