২৯ অক্টোবর, ২০২১ ১৭:২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গণটিকা কার্যক্রমে কেন্দ্রগুলো উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিয়েছেন কেন্দ্রগুলোতে আসা টিকা গ্রহিতা লোকজন। আর তাদেরকে টিকা দিতে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য কেন্দ্রগুলোতে ছিল পুলিশ ও আনসার সদস্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় জগন্নাথপুর উপজেলার ৯ টি টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার ৯৭২৬ জনের লক্ষ্যমাত্রার মধ্যে ১০৩০২ জন টিকাগ্রহণ করেছেন। তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছেন ২৬৭৫ জন,কলকলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেছেন ১০৩০ জন। পাটলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৬২০ জন মীরপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৭০০ জন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১১৭৭ জন,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৯৫০, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১১১৫ জন আশারকান্দি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৯১৫ জন ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ১১২০ জন টিকা নিয়েছেন।
সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কক্ষ পর্যন্ত ২০০ ফুট সড়কে নারী পুরুষের দীর্ঘ লাইন। পুরুষের চেয়ে নারীদের লাইন ছিল আরও দীর্ঘ।
লাইনে কথা হয় উপজেলার উলুকান্দি গ্রামের প্রবীণ ফারুক মিয়ার সঙ্গে। তিনি বলেন সকাল ৮ টায় লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে তিনি দুপুর দুইটায় টিকা দিয়েছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসুধন ধর বলেন, করোনার টিকা গ্রহণে এখন মানুষের আগ্রহ বেড়েছে। গণটিকা কার্যক্রমের দিনে উপজেলার ৯ টি কেন্দ্রেই ছিল উপচে পড়া ভিড়। ৯টি কেন্দ্রে টিকা প্রদানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৭২৬ জন।মানুষের উপস্থিতি দেখে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ কে টিকা দিতে হয়েছেন।টিকা নিয়েছেন ১০৩০২ জন। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মীরা সুষ্ঠুভাবে গণটিকা কার্যক্রম বাস্তবায়ন করেছেন।
আপনার মন্তব্য