সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১ ১৬:১৯

গ্রেপ্তার আ’লীগ নেতা প্রদীপ রায় ২ দিনের রিমান্ড

সুনামগঞ্জে জলমহালকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রুহেদ হত্যা মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে আটকের পর আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তুলা হলে আসামি প্রদীপ রায়কে ২ দিনের রিমান্ড দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার বলেন, দুপুরে বিজ্ঞ বিচারকের কাছে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামের একব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরু মিয়া তালুকদার নামে অপর আহত ব্যক্তি মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ জনে। এ ঘটনায় ২২ অক্টোবর নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত