নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২১ ১৬:১৫

ভোজনবাড়ি রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে সিলগালা করা সিলেটের ভোজনবাড়ি রেস্টুরেন্টের ১৩ জনের নামে মামলা দায়ের করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এছাড়া ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।  

মঙ্গলবার (২ অক্টোবর) রাতে র‍্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন বলে বুধবার ( ৩ নভেম্বর) দুপুরে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীম আহমদ।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- তুরাব আলী, শুভ চন্দ্র, সৈয়দ মখদ্দিস আলী। এর মধ্যে একজন ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার, একজন সুপারভাইজার ও ওপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতকাল সিলেট নগরের জিন্দাবাজার এলাকার পাঁচভাই, পানসী ও ভোজনবাড়ি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা ও বাকি ২ রেস্টুরেন্টকে জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও সুপারভাইজারকে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এর প্রতিবাদে নগরীর জিন্দাবাজার সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টের কর্মীরা। বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

ধর্মঘট আহ্বানের পর রাতে সিলেটের প্রশাসনের কর্মকতারা কথা বলেন রেস্টুরেন্ট মালিকদের সাথে। আওয়ামী লীগ নেতারাদের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট থেকে সরে আসেন রেস্টুরেন্ট মালিকরা।

আপনার মন্তব্য

আলোচিত