১১ নভেম্বর, ২০২১ ১১:৫১
সিলেটের ৩ উপজেলার ১৫ ইউনিয়নে চলছে ভোটগ্রহন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করছেন ভোটাররা। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের ঘোমাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারদের লাইন বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে গেছে। ভোট দিতে লাইন দিতে লাইনে দাঁড়িয়েছেন নানা বয়সী নারী পুরুষ।
এই কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিনী আমিরুন্নেছা বলেন, মেম্বার হখলে ঘরো থাকবার দিরা না। বাড়িত গিয়া টানিয়া লইয়া আইরা। সব কাম ফালাইয়া ভুট দিতে আইচ্ছি।
এই কেন্দ্রে ভোট দিতে আসা মনিরা বেগম বলেন, খুব সুন্দরভাবে ভুট অর। কুনু গণ্ডগোল নাই। মানুষজনও ভোট দেওয়াত আইরা। ওলা ভুট অইলে বালা লাগে।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজহারুল কবির জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪২৭ জন। সকাল থেকেই প্রচুর সংখ্যক ভোটাররা উৎসবের আমেজে ভোট প্রদান করছেন।
সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের রায়েরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একইভাবে ভোটারদের ভিড় দেখা যায়। ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনক।
এই কেন্দ্রে ভোট দিতে আসা সাইদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন হচ্ছে। পরিবেশ ভালো থাকায় আমরা ভোট দিতে এসেছি। আমরা চাই যোগ্য প্রার্থী জয়লাভ করবে।
সিলেটের ৩ উপজেলার আজ ১৫টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এগুলো হলো- সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলাগাঁও ও কান্দিগাঁও ইউনিয়ন।
বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুর, দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রণিখাই ইউনিয়ন।
এই ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৬৮ জন। সদস্য ও নারী সদস্য মিলিয়ে সর্বমোট প্রার্থী ৭৪৫ জন। আর মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৫৪ জন।
মোট ১৪৩ টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ।
১৫ ইউনিয়নের মধ্যে ১২টিতেই আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
আপনার মন্তব্য