জৈন্তাপুর প্রতিনিধি:

১২ নভেম্বর, ২০২১ ২০:৩০

জৈন্তাপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০৩ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেবেন মোট ৩২ জন। তার মধ্যে ২ নম্বর জৈন্তাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন, সাধারণ সদস্য ৪৮ জন লড়বেন। ৩ নম্বর চারিকাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ জন প্রার্থী লড়বেন। ৪ নম্বর দরবস্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, সাধারণ আসনে ৪৩ জন লড়বেন। ৫ নম্বর ফতেপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন , সাধারণ আসনে ৪৪ জন লড়বেন। ৬ নম্বর চিকনাগুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন, সাধারণ আসনে ৪৫ জন লড়বেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত জানান, উপজেলার ৫টি ইউনিয়নে বৈধ ৩০৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।

তিনি আরও বলেন, জৈন্তাপুরের ইতিহাসে কখনো ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়নি। আশাকরি এবারও হবে না।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর জৈন্তাপুরের ৫ ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

আপনার মন্তব্য

আলোচিত