মৌলভীবাজার প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৩ ১৩:১১

কুলাউড়ায় অভিযানে গিয়ে অবরুদ্ধ বিজিবি, উদ্ধারে পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় এক চোরাকারবারির বাড়িতে অভিযানে যাওয়া তিন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিজিবির তিন সদস্যকে উদ্ধার করে।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাজীপুর এলাকার চোরাকারবারি মোজাম্মিলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানকৃত পণ্য উদ্ধারে অভিযানে যায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মুড়ইছড়া ক্যাম্পের একটি দল। দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা মোজাম্মিলের বাড়িতে গেলে মোজাম্মিল বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এ সময় পালাতে গিয়ে তিনি একটি খালে পড়ে গিয়ে গুরুতর আহন হন। এ ছাড়া বিজিবির সদস্যরা তার কাছে চাঁদাও দাবি করেন বলে অভিযোগ এলাকাবাসীর। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিজিবির ওই তিন সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিজিবির সদস্যরা কিছুদিন পরপর মোজাম্মিলের বাড়িতে এসে অভিযানের নামে তাকে হয়রানি করেন। বুধবার দুপুরে অভিযানের নামে মোজাম্মিলের বাড়িতে এসে চাঁদা দাবি করলে তিনি বিজিবিকে টাকা দিতে না পারায় তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা একত্রিত হয়ে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, স্থানীয়রা খবর দেওয়ার পর ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

চাঁদার বিষয়টি অস্বীকার করে বিজিবির মুড়ইছড়া ক্যাম্পের হাবিলদার কাজী জালাল উদ্দিন জানান, মোজাম্মিলের বাড়িতে ভারতীয় অবৈধ বিড়ি রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করতে যাই। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোজাম্মিল তার ঘরের পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একটি খালে পড়ে পায়ে ব্যথা পান। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই স্থানীয় জনতা একত্রিত হয়ে আমাদের অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ বিজিবির সদস্যদের উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত