২৯ জুলাই, ২০২৬ ২০:২৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর হবিগঞ্জের মিরপুর এলাকাতেও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের সড়কে আটকে রাখা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। একপর্যায়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সড়কে বসে পড়েন।
সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, আগের দিনের হামলার ঘটনায় মামলা করা, আহতদের খোঁজ নেওয়া এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করতেই তারা হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে মৌলভীবাজারে এবং পরে কয়েক দফায় বালুবাহী ট্রাক ও ট্রাক্টর দিয়ে বাধা দেওয়া হয়েছে। এরপর মিরপুর এলাকায় পুলিশ তাদের আটকে দেয়।
তিনি বলেন, ১৪৪ ধারা জারি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা সীমিতসংখ্যক নেতাকে নিয়ে হবিগঞ্জে যেতে চেয়েছেন। তবে পুলিশ তাদের যেতে দিচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, আমরা এখানে বসে থাকব। হবিগঞ্জে মামলা করব, তারপর যাব।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয়। এ সময় নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাকর্মীদের আটকে দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য