জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর

১১ জানুয়ারি, ২০২৪ ১৭:২৭

মন্ত্রিসভায় শফিক চৌধুরী, আনন্দে ভাসছে ওসমানীনগর

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তার নির্বাচনী এলাকা সিলেটের ওসমানীনগর উপজেলা ভাসছে আনন্দে। উপজেলাবাসী দলীয় নেতাকর্মী সাধারণ ভোটার আর শফিক চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা আনন্দে উদ্বেলিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শফিক চৌধুরী ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন বার্তা সরগরম হয়ে পড়েছে ফেসবুকের নিউজফিড।

দলীয় এমপি না থাকায় গত ১০ বছর ধরে উন্নয়নবঞ্চিত সিলেট-২ আসন। ওসমানীনগর-বিশ্বনাথের জনগণ সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এ আসনের সাবেক এমপি শফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়।

২৪ ঘণ্টার রাজনীতিক খ্যাত শফিক চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ার খবরে গতকাল বুধবার সন্ধ্যায় পর থেকে সিলেট-২ আসন ওসমানীনগর-বিশ্বনাথের মানুষ আনন্দের বন্যায় ভাসছে। বুধবার রাত থেকে দুই উপজেলার বিভিন্ন স্থানে ঘরে ঘরে হাটবাজারে দলীয় নেতাকর্মীসহ জনগণের পক্ষ থেকে চলছে মিষ্টি বিতরণ। বুধবার রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য দলীয় নেতাকর্মীসহ শফিক চৌধুরীর ঘনিষ্ঠজন ও দলীয় নেতাকর্মী দলবেঁধে ঢাকায় গেছেন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া শফিক চৌধুরীকে শুভেচ্ছা জানাতে।

ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি বলেন, শফিকুর রহমান চৌধুরী একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন থেকে সিলেট-২ আসনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। গত ১০ বছরে পর পর দুটি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেলেও তিনি এলাকার জনগণকে ছেড়ে যাননি। করোনা বন্যা সুখে দুখে দলের একজন নিবেদিত প্রাণ হিসেবে মানুষের পাশে থেকেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে মূল্যায়ন করেছেন। ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকায় শফিকুর রহমানের সাথে অবস্থানকারী ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, মহান আল্লাহপাকের নিকট হাজার হাজার শুকরিয়া প্রধানমন্ত্রী আমাদের নেতা শফিকুর রহমানকে প্রতিমন্ত্রী মনোনীত করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। গত ১০ বছরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনের দুই উপজেলায় এখন শফিক চৌধুরীর নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত