২৯ মে, ২০২৪ ০১:৪০
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক, প্রশাসন ও অর্থ উইং মো. জয়নাল আবেদিন বলেছেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি স্মার্ট কৃষি। কৃষিকে ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় আনতে হবে। কৃষি ও কৃষককে সমানভাবে এগিয়ে নিতে হবে। কৃষি সেক্টর স্মার্ট করলে সবধরনের সমস্যাও সমাধান হবে দ্রুত। আমাদের কৃষিতে তরুণ দক্ষ অফিসাররা সবাই চেষ্টা করলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে পারবো। আমাদের কৃষক ভাইদের স্মার্ট করতও কৃষি অফিসারদের ভূমিকা রাখতে হবে।
সোমবার (২৭ মে) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি: পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিলেট খাদিমনগরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, সিলেট কৃষির সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়ের উদ্দিন মোল্লা, সুনামগঞ্জ কৃষির সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, হবিগঞ্জ কৃষির সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরে আলম সিদ্দিকী।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং (কন্দাল, সবজি ও মশলা) উপপরিচালক মোহাম্মদ সফিউজ্জামান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন টিমের আয়োজনে কর্মশালায় অংশগ্রহণ করেন সিলেট বিভাগের চার বিভাগের সব জেলা-উপজেলার কৃষি অফিসার ও কর্মকর্তাগণ। এতে কৃষিতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কৃষি কর্মকর্তারা।
বিভিন্ন জেলা-উপজেলার কর্মকর্তারা বলেন, যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে সম্ভাবনা বেশি, সিলেটে চ্যালেঞ্জ বেশি সম্ভাবনাও বেশি।
এসময় কৃষি বিষয়ক একটি অ্যাপস ইনোভেশন উপস্থাপন করেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজিব সরকার।
কর্মশালা সঞ্চালনা করেন চুনারুঘাটের কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজিব হোসেন।
আপনার মন্তব্য